ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে যোগ দিতে এসে বুধবার বিকেলে কর্মী-সমর্থকদের তোপের মুখে পড়েন আওয়ামী লীগের সংস্কারবাদী নেতারা। ধানমণ্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের সামনে জড়ো হওয়া কর্মী-সমর্থকরা সংস্কারবাদী হিসেবে পরিচিত দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুকুল বোসসহ কয়েক নেতাকে গালিগালাজ ও ধাওয়া করে। দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান এ সময় লাঞ্ছিত হন।
বৈঠক শেষে বিকেল সোয়া ৫টার দিকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান গাড়িতে করে কার্যালয় থেকে বের হওয়ার সময় গাড়ির পেছনে আসছিলেন মুকুল বোস।
এ সময় ভেতর থেকে কয়েকজন কর্মী-সমর্থক বলে ওঠে, "ঐ ধর দালালরে ধর।" তারা শেখ হাসিনার নাম ধরে স্লোগান দেয়। একপর্যায়ে মুকুল বোস কার্যালয়ের বাইরে বেরিয়ে গাড়িতে ওঠামাত্র কর্মীরা গাড়ি ঘিরে ধরে গালিগালাজ করে তাতে লাথি-কিল-ঘুষি মারতে থাকে।
দলের নেতা আব্দুল লতিফ সিদ্দিকী এ সময় কর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা আরও উত্তেজিত হয়ে ওঠে। প্রায় দু'মিনিট এমন অবস্থা চলার পর মুকুল বোসের গাড়ি সাত মসজিদ রোডে চলে গেলে কর্মী-সমর্থকরা ধর ধর বলে চিৎকার করে তাড়া করে। ফাঁকা রাস্তায় মুকুল বোসের গাড়ি দ্রুত চলে যায় শংকরের দিকে।
এর পরপরই আওয়ামী লীগ নেতা ও সাবেক তথ্যমন্ত্রী আবু সাইয়িদ কার্যালয় থেকে বের হয়ে মুকুল বোসের অবস্থা দেখে আব্দুল লতিফ সিদ্দিকীর শরাণাপন্ন হন। লতিফ সিদ্দিকী তাকে নিজের গাড়িতে তুলে নিলেও কর্মী-সমর্থকরা গাড়ির দরজা ও জানালায় থাপ্পর ও লাথি মারতে থাকে।
পরিস্থিতি কিছুটা শান্ত হলে বিকেল সাড়ে ৫টার দিকে দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান কার্যালয়ের গেট দিয়ে বের হতেই কর্মী-সমর্থকরা তাকে ঘিরে ধরে। তিন-চারজন কর্মী তাকে রক্ষার চেষ্টা করলেও বিক্ষুদ্ধ কর্মী-সমর্থকদের তারা সামলাতে ব্যর্থ হয়।
ক্ষুব্ধ কর্মীরা তার দিকে তেড়ে এলে দলের নেতা সুবিদ আলী ভূইয়া সবাইকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু এতে কর্ণপাত না করে কর্মী-সমর্থকরা আব্দুল মান্নানের জামাকাপড় ধরে টানাটানি শুরু করে। পরিস্থিতি খারাপ হওয়ার আগেই তিনচারজন কর্মী আব্দুল মান্নানকে কার্যালয়ের ভিতরে নিয়ে যায়।
এদিকে পরিস্থিতি আঁচ করতে পেরে বৈঠক শেষে প্রেস ব্রিফিং চলার সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী বেরিয়ে যান। আর ব্রিফিং শেষ হতেই দ্রুত চলে যান সভাপতি মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ।
আব্দুল মান্নানের ওপর হামলার পর কার্যালয়ের সামনে থাকা পুলিশ সদস্যরা বাঁশি বাজিয়ে ক্ষুব্ধ কর্মী-সমর্থকদের সরিয়ে দেয়। পরিস্থিতি পুরোপুরি শান্ত হলে সন্ধ্যা সোয়া ৬টার দিকে একটি গাড়িতে করে আওয়ামী লীগে সংস্কারবাদী হিসেবে পরিচিত সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না, আব্দুল মান্নানসহ ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন ও খ ম জাহাঙ্গীর হোসাইন কার্যালয় ছেড়ে যান।
গাড়িতে ওঠার সময় আব্দুল মান্নানের পাঞ্জাবির ডান পকেট ছেড়া দেখা গেছে। সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন, ভাড়াটে লোকজন এসব ঘটনা ঘটিয়েছে। হামলাকারীদের কাউকেই তিনি চেনেন না।
এর আগে বৈঠকে যোগ দিতে এসে কর্মীদের তোপের মুখে পড়েন সাবের হোসেন চৌধুরী। বিকেল ৪টার সময় দলীয় সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ের সামনে গাড়ি থেকে নামামাত্র একজন কর্মী তাকে বলেন, "নেত্রীর মুক্তি ছাড়া যদি সংস্কার নিয়ে কোনও কথা বলেন তাহলে পার্টি অফিসের সামনে মুকুল বোসের যে অবস্থা হয়েছিল আপনাদেরও সে অবস্থা হবে।"
বিকেল সোয়া ৪টার দিকে আওয়ামী লীগ নেতা খ ম জাহাঙ্গীর হোসাইন কার্যালয়ে ঢোকার সময় কর্মী-সমর্থকরা তাকে বলে, "মিটিংয়ে শেখ হাসিনার মুক্তি ছাড়া কোনও এজেন্ডা থাকতে পারবে না।" খ ম জাহাঙ্গীর হোসেন কথার জবাব দিতে গেলে গালিগালাজ ও হৈ চৈ করে সবাই তাকে থামিয়ে দেয়। এরপর দ্রুত তিনি কার্যালয়ের ভেতরে চলে যান।
বুধবার কার্যনির্বাহী সংসদের বৈঠক চলার সময় ধানমন্ডির কার্যালয়ের সামনে 'শেখ হাসিনা মুক্তি পরিষদ' এর নামে কর্মীরা লিফলেট বিতরণ করে। আশপাশের দেওয়ালে হাসিনার মুক্তি চেয়ে পোস্টারও লাগায় তারা। একই সময়ে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের পক্ষ থেকে হাসিনার মুক্তি চেয়ে স্টিকার লাগানো হয়।
বৈঠককে কেন্দ্র করে বিকেল ৩টার পর কার্যালয়ের সামনে শতাধিক কর্মী-সমর্থক জড়ো হয়।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু হয় বিকেল ৪টার কিছুক্ষণ পরে। এতে উপস্থিত ছিলেন জোহরা তাজউদ্দীন, সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, আতাউর রহমান খান কায়সার, মুকুল বোস, সাবের হোসেন চৌধুরী, আব্দুল মান্নান, মাহমুদুর রহমান মান্না, আখতারুজ্জামান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, হাবিবুর রহমান সিরাজ, নুরুল ইসলাম নাহিদ, ফারুক খান, ইয়াফেস ওসমান, ডা. দিপুমনি, নাজমা রহমান, দেওয়ার শফিউল আরেফিন টুটুল, এ বি এম তাজুল ইসলাম, খ ম জাহাঙ্গীর হোসেন, আলী আশরাফ, আলমগীর কুমকুম, বিপুল ঘোষ, অ্যাডভোকেট সাহারা খাতুন, মির্জা সুলতান রাজা, আব্দুল লতিফ সিদ্দিকী, ড. আব্দুর রাজ্জাক, বীর বাহাদূর, আসাদুজ্জামান নূর, বি এম মোজাম্মেল হক, রাজিউদ্দীন আহমেদ রাজু, আবু সাইয়িদ, অ্যাডভোকেট ফজলে রাব্বী ও সুবিদ আলী ভুঁইয়া।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএমএ/এমআরএফ/এসএনডি/এমএ/১৮৫১ ঘ.
bdnews24