ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন আবেদনের দরখাস্ত গ্রহণ করেনি আদালত।
বুধবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম জালাল আহমেদ দুর্নীতি দমন কমিশনের দায়ের করা কোন দুর্নীতি মামলার শুনানি গ্রহণে তার এখতিয়ার নেই বলে এই দরখাস্তটি ফিরিয়ে দিয়েছেন।
খালেদা জিয়ার আইানজীবী সানাউল্লাহ মিয়া, খোরশেদ আলম ও মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের বলেন, আমরা সিএমএমের খাস কামরায় গিয়ে জামিন আবেদনের শুনানি কখন গ্রহণ করা হবে জানতে চাই।
আইনজীবীরা সিএমএমকে জানান, যেহেতু এই মামলা এখনও জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় আনা হয়নি তাই এই মামলার জামিন শুনানি আপনি গ্রহণ করতে পারেন।
জবাবে আদালত জানান, এই চরিত্রের মামলার কোন জামিন দরখাস্তের শুনানি গ্রহণের এখতিয়ার আমার নেই। অতীতেও এরকম কোন জামিন আবেদনের মামলার শুনানি গ্রহণ করিনি। এক্ষেত্রেও পারবো না।
পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে আইনজীবীরা জানান, সিনিয়র আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া হবে।
খালেদা জিয়ার আইনজীবীরা আরও জানান, ইচ্ছে করলে ম্যাজিস্ট্রেট এ মামলার শুনানি গ্রহণ করতে পারতেন। এতে কোন আইনগত বাধা ছিলনা।
দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী খালেদা জিয়াসহ ১৩ জনকে আসামী করে ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমএ/১৬৪০ঘ.
bdnews24