২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাইপলাইনে আগুন: চট্টগ্রামের পটিয়া ও বোয়ালখালীতে গ্যাস সরবরাহ বন্ধ

কর্ণফুলী নদীতে আগুনে ক্ষতিগ্রস্ত গ্যাস লাইন পরিদর্শন করেছেন বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের (বিজিএসএল) উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। এদিকে দুর্ঘটনার কারণে পটিয়া ও বোয়ালখালী উপজেলার গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2007, 07:34 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কর্ণফুলী নদীতে আগুনে ক্ষতিগ্রস্ত গ্যাস লাইন পরিদর্শন করেছেন বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের (বিজিএসএল) উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। এদিকে দুর্ঘটনার কারণে পটিয়া ও বোয়ালখালী উপজেলার গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ রাখা হয়েছে। বিজিএসএলের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমানসহ কুমিল্লা থেকে প্রকৌশলীদের একটি দল বুধবার সকালে চট্টগ্রামে পৌঁছেন। তারা সকাল ৯টার দিকে কালুরঘাট সেতুর কাছে আগুনে ক্ষতিগ্রস্ত লাইনটি সরেজমিন পরিদর্শন করন। নাম প্রকাশে অনিচ্ছুক বাখরাবাদ গ্যাসের এক জন উচ্চ পদস্থ কর্মকর্তা জানান, কর্ণফুলী নদীতে এখন অস্বাভাবিক স্রোত রয়েছে। ফলে মেরামতসহ আনুষঙ্গিক কাজ করতে বেগ পেতে হচ্ছে। এ জন্য বাখরাবাদের পক্ষ থেকে নৌবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। দুর্ঘটনাস্থলে উপস্থিত বিজিএসএলের ব্যবস্থাপনা পরিচালক এ বিষয়ে এখনই কিছু বলতে চাননি। বিজিএসএল সূত্র জানায়, কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে যাওয়া এ লাইনের কারণে বর্তমানে নদীর অপর পাড়ের কয়েকটি শিল্প কারখানা এবং জেলার পটিয়া ও বোয়ালখালী উপজেলার গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ রয়েছে। তবে এসব এলাকায় বিকল্প উপায়ে গ্যাস সরবরাহের জন্য কাজ করছে বাখরাবাদের প্রকৌশলীরা। সূত্র জানায়, লাইনটি মেরামত করতে বেশ কয়েক দিন সময় লাগতে পারে। প্রতিনিধি দলটি সরেজমিন পরিদর্শন শেষে পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরই কাজ শুরু হবে বলে জানা গেছে। বিজিএসএল কন্ট্রোল রুম জানায়, মঙ্গলবার মধ্যরাতেই আবার মেইন লাইন চালু করা সম্ভব হওয়ায় চট্টগ্রাম নগরীর সব শিল্প কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত লাইনের কাছে একটি বাইপাস লাইন রয়েছে। সেটি চালুর মাধ্যমে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে এবং পটিয়ায় গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করতে কাজ চলছে। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বাখরাবাদের গ্যাস লাইনে আগুন ধরে যায়। এর পরপরই বাখরাবাদ থেকে চট্টগ্রাম অঞ্চলের প্রধান লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। তিন ঘণ্টা চেষ্টার পর দমকল ও বাখরাবাদের প্রকৌশলীরা আগুন নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৩৩১ ঘ.