ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- "হঠাৎ করে উচ্ছেদ করায় আট সন্তানকে নিয়ে কোথায় যাব বুঝতে পারছি না। বুলডোজারের আক্রমণ থেকে যা বাঁচাতে পারছি তা নিয়েই পাশের ঘোড়ার মাঠে জড়ো করে রাখছি। নতুন আশ্রয় না পাওয়া পর্যন্ত এই মাঠেই পলিথিন টানিয়ে দিন পার করতে হবে।" বস্তি থেকে উচ্ছেদ হওয়া কামালউদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মচারী কামালউদ্দিনের মত অনেকেই জানেন না কোথায় হবে তাদের আশ্রয়। সামনের দিনগুলোতে তাদের জন্য কি অপেক্ষা করছে তাও জানেন না তারা।
মঙ্গলবার রাজধানীর মহাখালীতে সাততলা বস্তি হিসাবে পরিচিত স্বাস্থ্য বিভাগের জমিটি অবৈধ দখল মুক্ত করা হয়।
কামালউদ্দিনের পেনশনের মাসিক হাজার তিনেক টাকা আর ছেলে চায়ের দোকানের আয়ে কোনরকমে সংসার চলে। আট ছেলে- মেয়ের সাতজনই রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করছে। তাদের অনেকেরই আবার সামনে পরীক্ষা। বড় ছেলের বস্তিতে এবং বাইরে দুটি চায়ের দোকান ছিল। উচ্ছেদে গেছে একটি দোকান। এ অবস্থায় কোথায় যাবেন ভেবে অন্ধকার দেখছেন কামালউদ্দিন।
এই হাহাকার ওই বস্তির হাজারো নারী পুরুষের। সুরভী আক্তার হেনা বলেন, "গতকাল বিকেলে শুধুমাত্র আধা ঘন্টার জন্য মাইকিং করে তারা এক প্রকার পালিয়ে যায়। মাইকিং করার সময় আমাদের সোমবার বিকেল পাঁচটার মধ্যে মালামাল সরিয়ে নিতে বলা হয়। এত কম সময়ের মধ্যে ঘরবাড়ি ভেঙ্গে মালপত্র নিয়ে কোথায় দাঁড়াবো আমরা।"
তিনি বলেন, "বস্তিতে মহিলাদের জন্য ব্র্যাক পরিচালিত একটি ডেলিভারী সেন্টার ছিলো। উচ্ছেদের সময় সেখানে পাঁচজন সন্তানসম্ভবা রোগী ছিলেন। উচ্ছেদের পর তারা কোথায় গিয়ে আশ্রয় নেবে তা একমাত্র আল্লাহই ভালো বলতে পারবে।"
আরেক বাসিন্দা মনোয়ারা জানান, তার স্বামী আব্দুল বাতেন মোল্লা ডায়বেটিস রোগে আক্রান্ত হয়ে ঘরে পড়ে আছেন। অসুস্থ স্বামী ও চার সন্তান নিয়ে তিনি এখন কোথায় যাবেন তা ভুঝতে পারছেন না।
তিনি অভিযোগ করেন, অভিযানের সময় তাদের মালামাল সরিয়ে নেওয়ার সময়ই দেওয়া হয়নি। মালামাল সরিয়ে নেওয়ার জন্য অনেক কাকুতি মিনতি করা হলেও বুলডোজার চাপা দিয়ে মালামাল নষ্ট করে ফেলা হয়।
নূরজাহান বেগম জানান, তার স্বামী সাজু মিয়া পেশায় রাজমিস্ত্রী। তিনিই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি।
তিনি বলেন, "মাসের মাঝামাঝি উচ্ছেদ করায় অমরা এখন অন্য জায়গাও বাসা ভাড়া পাবো না। তাই বাধ্য হয়ে পাশের ঘোড়ার মাঠে মালামাল রাখছি। এখন অল্লাহ যেইদিকে নিইয়া যায়, হেইদিকেই যামু।"
বস্তির বাসিন্দা সুফিয়া বেগম বলেন, "বস্তিতে আমার একটা ঘর আছিলো। সারা দিন ইট ভাইঙ্গা কোনরকমে সংসার চলে। গতকাল কাজ শেষে রাইত একটায় বস্তিতে ফিরে উচ্ছেদের খবর জানতে পারি।"
তিনি আরো বলেন, "আমাদের ঘর ভাইঙ্গা দিলেও গণপূর্তর আবু তাহেরের ঘর ঠিকই আছে। হের লগে উপরের লোকজনের ভালো খাতির। এক জায়গায় দুই নিয়ম কেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএসবি/০০০৯ ঘ.
bdnews24