বগুড়া, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বগুড়া পৌরসভায় ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ মঙ্গলবার শুরু হয়েছে।
সকাল ৯টায় শহরের করনেশন স্কুল কেন্দ্রে তালিকা তৈরির কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন ২৬ পদাতিক ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. এমদাদুল হক। জেলা প্রশাসক হুমায়ুন কবির, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হামিদসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
পৌর এলাকার ২১টি ওয়ার্ডে ৫৪টি নিবন্ধন কেন্দ্রের মধ্যে ২৩টি কেন্দ্রে ভোটারদের ডাটা এন্ট্রি ও ছবি তোলার কাজ শুরু হয়েছে। বাকি কেন্দ্রগুলোর কাজ পর্যায়ক্রমে শুরু হবে। আগামী ১০ অক্টোবর পর্যন্ত এ কাজ চলবে।
জেলা নির্বাচন কার্যালয় জানায়, বগুড়া পৌরসভার সম্ভাব্য ২ লাখ ২৬ হাজার ৫১২ ভোটারকে তালিকায় অন্তর্ভুক্ত ও জাতীয় পরিচয়পত্র প্রদানে ২১টি ওয়ার্ডে ২১ জন সহকারী নিবন্ধন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের অধীনে রয়েছেন ১৫৭ জন সুপারভাইজার এবং ৭৬০ জন তথ্য সংগ্রহকারী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫১৬ ঘ.
bdnews24