ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় সারাদেশে আরো দু'একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে বৃষ্টি হলেও ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে দাবি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরন কেন্দ্র।
বন্যা পূর্বাভাস কেন্দ্রের সহকারী প্রকৌশলী সাজ্জাদ হোসেন মঙ্গলবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের নদনদীর ৩৭ টি পয়েন্টে পানি বেড়েছে, ২২টি পয়েন্টে পানি কমেছে আর অপরিবর্তীত রয়েছে একটি পয়েন্টের পানি। মোট ২২টি পয়েন্টে পানি এখন বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে।
পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, ব্রহ্মপুত্র নদীতে পানি কমার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। একইসঙ্গে গঙ্গা নদীর পানি বাড়লেও পানি বাড়ার মাত্র কম। সিলেট অববাহিকায় পানি কমতে শুরু করেছে। এছাড়া মৌসুমী বায়ুর প্রভাব গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহকিায় কম রয়েছে। মেঘনা অববাহিকায় মৌসুমী বায়ু সক্রিয় থাকলেও ধীরে ধীরে তা কমে যাচ্ছে।
ব্রহ্মপুত্র নদীর পানি বাহাদুরাবাদ, চিলমারী পয়েন্টে ছয় সেন্টিমিটার এবং সিরাজগঞ্জ পয়েন্টে ২ সেন্টিমিটার কমেছে। তবে নুনখাওয়া পয়েন্টে ১ সেন্টিমিটার ও আরিচা পয়েন্টে ৫ সেন্টিমিটার বেড়েছে। ধরলা নদীর পানি কুড়িগ্রাম পয়েন্টে ১৯ সেন্টিমিটার কমেছে।
গঙ্গা নদীর পানি পাংখা পয়েন্টে ৫ এবং রাজশাহী পয়েন্টে ৬ সেন্টিমিটার আর হার্ডিঞ্জ ব্রীজ পয়েন্টে ১০ সেন্টিমিটার বেড়েছে। গোয়ালন্দ পয়েন্টে গঙ্গার পানি ১০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৭৯ সেন্টিমিটা এবং মুন্সীগঞ্জের ভাগ্যকূল পয়েন্টে ১২ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৬৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সুরমা নদীর পানি কানাইঘাট ও সুনামগঞ্জ পয়েন্টে যথাক্রমে ৬ ও ১০ সেন্টিমিটার কমেছে। তবে সিলেট পয়েন্টে সাত সেন্টিমিটার বেড়েছে।
কুশিয়ারা নদীর পানি অমলসিদ পয়েন্টে ৭ সেন্টিমিটার ও শ্যাঁওলা পয়েন্টে তিন সেন্টিমিটার বেড়েছে।
মনু নদীর পানি মনু রেলওয়ে ব্রীজ পয়েন্টে ১৭১ সেন্টিমিটার কমলেও মৌলভীবাজার পয়েন্টে ১২ সেন্টিমিটার বেড়েছে।
ওদিকে মহুরী নদীর পানি পশুরাম পয়েন্টে ১২৩ সেন্টিমিটার কমেছে। হালদা নদীর পানি নারায়ণহাট পয়েন্টে ১০৫ সেমি কমলেও পাঁচপুকুরিয়া পয়েন্টে ৬ সেন্টিমিটার বেড়েছে। সাঙ্গু নদীর পানি বান্দরবানে ১১০ সেন্টিমিটার, মাতামুহুরী নদীর পানি লামা পয়েন্টে ৬৯ সেন্টিমিটার বেড়েছে।
পূর্বাভাস কেন্দ্র আরো জানিয়েছে, মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত মেঘনা অববাহিকায় সুনামগঞ্জের শ্যাঁওলাতে ৫৯ মিলিলিটার, হবিগঞ্জে ৪০ মিলিলিটার, ঢাকায় ৬৫ মিলিলিটার, লামাতে ৬৬ মিলিলিটার এবং বান্দরবানে ৫১ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত সহকারী আবহাওয়াবিদ নাঈমা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সারাদেশেই বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জাযগায়, খুলনা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গাতেও মাঝারি এবং দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএফ/ এসি/১৩০২ ঘ.
bdnews24