২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা পুনর্বাসনে সাড়ে ৭ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

বন্যার ক্ষয়ক্ষতি কাটাতে সরকারকে সাত কোটি ৫০ লাখ ডলার সুদমুক্ত ঋণ দেবে বিশ্বব্যাংক। এ ঋণ পরিশোধের জন্য সরকার ৪০ বছর সময় পাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2007, 03:12 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বন্যার ক্ষয়ক্ষতি কাটাতে সরকারকে সাত কোটি ৫০ লাখ ডলার সুদমুক্ত ঋণ দেবে বিশ্বব্যাংক। এ ঋণ পরিশোধের জন্য সরকার ৪০ বছর সময় পাবে। বাংলাদেশে বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি জিয়ান ঝু সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। সংস্থার ঢাকা কার্যালয়ে ঝু সাংবাদিকদের বলেন, "বাংলাদেশের বন্যা পরিস্থিতি জটিল হচ্ছে। এ অবস্থায় জরুরি ব্যয় মেটাতে সরকারকে আমরা এ সহায়তা দিচ্ছি।" সরকার চাইলে এ অর্থ বন্যা পুনর্বাসন প্রকল্পের বাইরে বিভিন্ন খাতে ব্যয় করতে পারবে। এছাড়া, জরুরি খাদ্যদ্রব্য আমদানির ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতেও এই তহবিল সহায়তা দেবে বলে মনে করছে সংস্থাটি। বিশ্বব্যাংকের হিসেবে, দেশের ৬৪ জেলার ৩৯টি বন্যা কবলিত এবং এতে ছয়শরও বেশি প্রাণহানি হয়েছে। বন্যার কারণে কয়েক লাখ মানুষের বাসস্থান, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মনে করছে সংস্থাটি। জিয়ান ঝু বলেন, "সরকারের ত্রাণ কার্যক্রম চলতি অর্থবছরের বাজেটের ওপর চাপ ফেলেছে। উন্নয়ন কাজে বরাদ্দ তহবিল ব্যয় হচ্ছে ত্রাণ কাজে।" বিশ্বব্যাংক বন্যার ক্ষয়ক্ষতির হিসাব করেছে জানিয়ে তিনি বলেন, "আমরা নিয়মিতভাবে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পুনর্বাসন কাজে সরকারকে একটি দ্বি-পক্ষীয় আর্থিক সহযোগিতা প্রস্তাবও দিয়েছি আমরা।" তিনি জানান, "বিশ্বব্যাংক প্রথমে বাজেট সহায়তা হিসেবে বরাদ্দ দেবে, এরপর বন্যা পুনর্বাসন বিষয়ে কাজ করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবরের মধ্যে ঋণের অর্থ ছাড়ের ব্যাপারে আশাবাদী আমরা।" বিশ্বব্যাংকের দেওয়া ঋণের অর্থ থেকে সরকার বন্যা পুনর্বাসন কাজের অর্ধেক ব্যয় মেটাতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন ঝু। বন্যা পুর্নবাসন ব্যয় মেটাতে কিছুদিন আগেই দাতাদের কাছে ১৫ কোটি ডলার সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছিল সরকার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এসএনডি/২১০৮ ঘ.