২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারকাখানাগুলোয় শ্রম আইন বাস্তবায়ন না করার অভিযোগ, মালিকদের প্রত্যাখ্যান

দেশের কারকাখানাগুলোতে শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ করেছেন শ্রমিক নেতা ও গবেষকরা। তারা বলেছেন নারী শ্রমিকদের ক্ষেত্রে বৈষম্য আরও প্রকট। অবশ্য কারখানা মালিকরা দাবি করেছেন, এখন প্রায় সব ক্ষেত্রে সরকারি নীতিমালা মেনে শ্রমিক অধিকার বাস্তবায়ন করা হচ্ছে। কেউ আইন না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2007, 12:40 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের কারকাখানাগুলোতে শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ করেছেন শ্রমিক নেতা ও গবেষকরা। তারা বলেছেন নারী শ্রমিকদের ক্ষেত্রে বৈষম্য আরও প্রকট। অবশ্য কারখানা মালিকরা দাবি করেছেন, এখন প্রায় সব ক্ষেত্রে সরকারি নীতিমালা মেনে শ্রমিক অধিকার বাস্তবায়ন করা হচ্ছে। কেউ আইন না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। সোমবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে মহিলা পরিষদ আয়োজিত 'বাংলাদেশের নারী শ্রমিকদের বর্তমান অবস্থান: নারী আন্দোলনের করণীয়' শীর্ষক মতবিনিময় সভায় এ ধরনের পরস্পরবিরোধী বক্তব্য দেন মালিক, শ্রমিক নেতা ও গবেষকরা। সূচনা বক্তব্যে মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা আয়েশা খানম বলেন, "একজন নারী শ্রমিকের সবেতনে ১২ সপ্তাহের ছুটি পাওয়ার কথা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটি মানা হয় না। এছাড়া, কর্মক্ষেত্রে অমানবিক আচরণ, অস্বাস্থ্যকর পরিবেশ, স্বাস্থ্যসম্মত টয়লেটের অভাব, বহুতল কারখানায় ওঠানামার জন্য সিড়ির অপর্যাপ্ততা, কলাপসিপল গেটে তালাবদ্ধ অবস্থা, যৌন নিপীড়ন ও হয়ারিন নারী শ্রমিকের জীবনে নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে।" বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ অবশ্য দাবি করেন, বর্তমানে শ্রমিকদের সরকার নির্ধারিত নূন্যতম মজুরি, কারখানার পরিবেশ, ছুটি ও অন্যান্য সুবিধা দেওয়া হচ্ছে। যারা দিচ্ছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর বিরোধিতা করে আওয়াজ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাজমা আক্তার বলেন, "মালিক পক্ষ শ্রম আইন না মানায় বঞ্চিত হচ্ছে শ্রমিকরা। এ আইন মানা হলে শ্রমিকদের ৯০ ভাগ সমস্যা মিটে যাবে।" উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সেলিমা আহমেদ স্বীকার করেন, অনেক কারখানার ভেতরের পরিবেশ স্বাস্থ্যসম্মত হলেও শ্রমিকদের থাকার জায়গা অস্বাস্থ্যকর হওয়ায় সমস্যা থেকে যাচ্ছে। মতবিনিময় সভায় গবেষকরা অভিযোগ করেন, দেশের নারী শ্রমিকরা শ্রম আইন অনুযায়ী তাদের প্রাপ্য মজুরি, ছুটি ও অন্যান্য সুবিধা পাচ্ছেন না। পাশাপাশি পোশাক, চা ও চিংড়ি শিল্পের শ্রমিকরা নানাভাবে বঞ্চিত ও হয়রানির শিকার হচ্ছে। বাংলাদেশ উন্নয়ন অধ্যয়ন ইনস্টিটিউটের গবেষক ড. প্রতিমা পাল মজুমদার তার বছর পাঁচেক আগে করা গবেষণা থেকে বলেন, "সমান যোগ্যতা ও সমান শ্রম দেওয়ার পরও নারী শ্রমিকরা পুরুষের চেয়ে ২০ ভাগ কম মজুরি পায়। নারী শ্রমিকদের শিক্ষা, সামাজিক প্রতিবন্ধকতা, স্বাস্থ্যগত সমস্যাসহ বেশ কিছু কারণে এগিয়ে আসতে পারছে না।" নারী শ্রমিকদের উন্নয়নের জন্য এসব প্রতিবন্ধকতা দূর করতে তিনি সরকার, মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। সভায় বিকেএমইএ সভাপতি ফজলুল হক বলেন, মালিকরা নিজেদের স্বার্থেই শ্রমিকদের সুবিধা দেওয়ার চেষ্টা করছে। শ্রমিকের উৎপাদনশীলতা বাড়ানোর জন্যই এটি প্রয়োজন। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি নুরুল ইসলাম বলেন, পোশাক শিল্প যেভাবে বিকশিত হয়েছে সেই তুলনায় শ্রমিকরা অধিকার পায়নি। কেবল অধিকার হারানো নয়, নির্মম ও অমানবিকতার শিকার হয়ে শ্রমিকরা বিস্ফোরণে ফেটে পড়েছে। এ ঘটনা রোধ করতে সবাইকে উদ্যোগী হতে হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/আরএ/