ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পূবালী ব্যাংকের নয়া পল্টন শাখায় বিএনপির দলীয় অ্যাকাউন্টে লেনদেন বন্ধ রাখার জন্য ব্যাংক কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন দলটির নতুন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
দল থেকে মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়াকে বহিষ্কারের পরিপ্রেক্ষিতে খোন্দকার দেলোয়ার হোসেন এই অনুরোধ জানালেন। দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ এ সংক্রান্ত একটি চিঠি রোববার দুপুরে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পৌঁছে দিয়েছেন।
রিজভী আহমেদ সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''দলের অ্যাকাউন্টে লেনদেনের জন্য মহাসচিবের স্বাক্ষর প্রয়োজন হয়। যেহেতু দলে নতুন মহাসচিব নিয়োগ হয়েছে, তাই আমরা পূবালী ব্যাংক নয়া পল্টন শাখায় বিএনপির নিয়মিত সঞ্চয়ী হিসাব ও ত্রাণ তহবিল সঞ্চয়ী হিসাবের লেনদেন আপাতত বন্ধ রাখার অনুরোধ জানিয়েছি।''
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৯২৬ ঘ.
bdnews24