ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রমজান মাসে চালের দাম সহনীয় রাখতে সোমবার থেকে সারাদেশে খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) শুরু করবে সরকার।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ধীরাজ মালাকার রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, "ওএমএস কর্মসূচির মাধ্যমে ৬৪ জেলায় এক লাখ ১৮ হাজার টন চাল বিক্রি করা হবে। ১১ অক্টোবর পর্যন্ত চলবে এ কর্মসূচি।"
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্র জানায়, ওএমএস কর্মসূচির আওতায় খোলা বাজারে এক দিন পর পর চাল বিক্রি করা হবে। প্রতি কেজি ১৯ টাকা দরে এক একটি পরিবার একবারে সর্বোচ্চ তিন কেজি করে চাল কিনতে পারবে।
সারাদেশে ১৫ হাজার চারশ ডিলার ও শহর এলাকায় বিডিআরের পাঁচশ দোকানের মাধ্যমে এ চাল বিক্রি করা হবে। ডিলাররা সরকারের কাছ থেকে প্রতি কেজি চাল কিনবেন ১৮ টাকা করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/এসএনডি/এমএ/১৭২৯ ঘ.
bdnews24