বরিশাল, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী গ্রামে শনিবার গভীর রাতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের 'ক্রসফায়ারে'র পড়ে হাবুল প্যাদা (৩৫) নামে একজন নিহত হয়েছেন।
হাবুলের বাড়ি উপজেলার পশ্চিম বার্থী গ্রামে। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা, চাঁদাবাজি, ধর্ষণসহ বিস্ফোরক ও মাদক আইনে ১৮টি মামলা আছে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি সাটারগান ও বন্দুকের চার রাউন্ড গুলি উদ্ধার করে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই সরকার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার ভোররাতে থানা পুলিশ অভিযান চালিয়ে হাবুল বাহিনীর প্রধান হাবুল প্যাদাকে বার্থী গ্রাম থেকে গ্রেপ্তার করে।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ওসির নেতৃত্বে একদল পুলিশ অস্ত্র উদ্ধারের জন্য পশ্চিম বার্থী গেলে বাহিনীর অন্য সদস্যরা তাকে ছিনিয়ে নেয়ার জন্য এলোপাতাড়ি গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে হাবুল পালানোর চেষ্টা করলে 'ক্রসফায়ারে' ঘটনাস্থলেই নিহত হন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/ ১৭১৬ ঘ.
bdnews24