চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ড পৌরসভার ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রোববার সকালে যাত্রীবাহী একটি বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।
এদের মধ্যে একজনের নাম জসিম উদ্দিন (৩৫)। তার বাড়ি দাউদকান্দি উপজেলায়। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় আহত হয়েছে চারজন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সিলেট থেকে চট্টগ্রামমুখী সৌদিয়া চেয়ার কোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই এক বাস যাত্রী মারা যান।
আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে অপর জন মারা যান বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জহির।
আহতরা চমেক হাসপাতাল ও সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ বাস ও ট্রাকটি আটক করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমআই/১৩৫১ ঘ.
bdnews24