২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব জায়গায় ত্রাণ পৌঁছায়নি : মাহবুবুর রহমান

বন্যার্তদের জন্য সরকার ও সেনাবাহিনী অনেক কাজ করার পরও সব জায়গায় ত্রাণ পৌঁছায়নি বলে মন্তব্য করেছেন সাবেক সেনা প্রধান ও বিএনপি নেতা অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2007, 01:46 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বন্যার্তদের জন্য সরকার ও সেনাবাহিনী অনেক কাজ করার পরও সব জায়গায় ত্রাণ পৌঁছায়নি বলে মন্তব্য করেছেন সাবেক সেনা প্রধান ও বিএনপি নেতা অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান। রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি কাঁচার মেলা মিলনায়তনে শনিবার দুর্নীতি বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সোনালী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ আলোচনা সভা আয়োজন করে। সভার প্রধান অতিথি মাহবুবুর রহমান বলেন, "বানভাসী মানুষ অনেক কষ্টে আছেন। বন্যা মোকাবেলায় সরকার নিশ্চয়ই তৎপর। এ ধরনের পরিস্থিতিতে দেশপ্রেমিক সেনাবাহিনী সব সময়ই মানুষের পাশে দাঁড়ায়। তারা অনেক কাজ করেছে। তবুও সব জায়গায় ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি।" বন্যা দুর্গতের ত্রাণ দেওয়ার জন্য সাবেক সেনা প্রধান সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, "দেশ এখন প্রাকৃতিক ও মানব সৃষ্ট এ দুই ধরনের দুর্যোগ মোকাবেলা করছে। মানব সৃষ্ট দুর্যোগ একদিনে হয়নি। বিগত সরকারগুলোর আমলে দুর্নীতির কারণে ধীরে ধীরে এ দুর্যোগ সৃষ্টি হয়েছে। ওই সময় দেশ দুর্বৃত্ত দ্বারা আক্রান্ত হয়েছিল।" বস্তি উচ্ছেদ করে সরকার ভুল করেছে বলেও মাহবুবুর রহমান উল্লেখ করেছেন। তিনি বলেন, "ঢাকার এক কোটি ৩০ লাখ লোকের মধ্যে শতকরা ৫০ ভাগেরই বাসস্থান নেই। যেটুকু ছিল সেটাও জরুরি অবস্থায় ভেঙ্গে দেওয়া হয়েছে। এটা ভুল ছিল।" সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট মো. সিরাজউল্লাহ, এম এ জামান, তমাল শাহআলম, গোলাম মোস্তফা প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/এমএসবি/এমএ/১৯৪০ঘ.