চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- টানা তিন দিনের বর্ষণে মহানগরীর জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। দুটি স্থানে পাহাড়ি ঢলে ভেসে দুই জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও দুই জন।
শনিবার ভোররাতে নগরীর সিটি গেটের কাছে কবির কলোনিতে পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি ঘরের তিন জন ঢলে ভেসে যায় বলে জানান উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সচিব মো. হারুণ ফারুক। এদের মধ্যে শনিবার সকালে একজনের লাশ পাওয়া গেছে; অপর দুই জন এখনও নিখোঁজ রয়েছেন।
হারুণ ফারুক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আবদুল খালেকের আট বছরের মেয়ে খাদিজা আকতারের লাশ শনিবার সকালে উদ্ধার করা হয়েছে।"
তিনি জানান, রাতে হঠাৎ করে পাহাড়ি ঢলে দেড়শ ঘর বিধ্বস্ত হয়। এসব ঘরে বসবাসরত প্রায় ২০০ পরিবারের ঘরের সবকিছু পানি ও বালির স্রোতে ভেসে গেছে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক জানান, শুক্রবার রাতে অলংকার মোড়ের কাছে তীব্র পানির স্রোতে ভেসে যান জিল্লুর রহমান (৪৮) নামে এক ব্যক্তি। রাতেই তার লাশ উদ্ধার করা হয়।
জিল্লুর রহমান ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন বলে পুলিশ কর্মকর্তা আজিজুল হক জানান। নিহতের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইলের কচুরি গ্রামে। তিনি চট্টগ্রামে ভাস্তির বিয়েতে যোগ দিতে এসেছিলেন।
প্রবল বর্ষণ অব্যাহত থাকায় শনিবার সকালে নগরীর অধিকাংশ স্থানের রাস্তাঘাট ও বাড়িঘরে পানি উঠেছে। পথঘাট তলিয়ে যাওয়ায় অনেক রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ১১টার পর বৃষ্টি কিছুটা থামলে লোকজন ঘর থেকে বের হতে শুরু করে। তবে তখন দেখা দেয় তীব্র যানজট। অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুলগুলোতে লোকজনের উপস্থিতি ছিল কম।
ঢাকায় ছাত্র বিক্ষোভের পরিপ্রেক্ষিতে বন্ধ হওয়ার শনিবার নগরীর সব কলেজ খুললেও শিক্ষার্থীদের উপস্থিতি নগণ্য থাকায় ছিল ছুটিছুটি ভাব।
চকবাজার, ষোল শহর দুই নম্বর গেট, পাচলাইশ, প্রবর্তকের মোড়, বাকলিয়া, চকবাজার, বহদ্দারহাট, চান্দগাঁও, আগ্রাবাগ সিডিএ, হালিশহরসহ নগরীর নিচু এলাকার অধিকাংশ ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে।
আবহাওয়া দপ্তরের আমবাগান কার্যালয়ের আবহাওয়াবিদ সেলিম রেজা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এ বৃষ্টিপাত আরও কয়েকদিন চলতে পারে।"
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবার বেলা ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নগরী ও আশেপাশের এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৮৫ দশমিক ৬ মিলিমিটার।
এদিকে, বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক থাকলেও পণ্য ওঠা নামার ক্ষেত্রে এবং সরবরাহের ক্ষেত্রে কিছুটা বিঘি
bdnews24