২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সুন্দরবন সংরক্ষণে পর্যটন ইতিবাচক ভূমিকা রাখতে পারে'

পর্যটন মূলত ব্যবসা হলেও সুন্দরবন সংরক্ষণে এর ভুমিকা ইতিবাচক হতে পারে। এর সঙ্গে সংশ্লিষ্টরা সচেষ্ট হলে সুন্দরবন সংরক্ষণের তারা আরও জোরালো ভূমিকা রাখতে পারেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2007, 04:32 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - পর্যটন মূলত ব্যবসা হলেও সুন্দরবন সংরক্ষণে এর ভুমিকা ইতিবাচক হতে পারে। এর সঙ্গে সংশ্লিষ্টরা সচেষ্ট হলে সুন্দরবন সংরক্ষণের তারা আরও জোরালো ভূমিকা রাখতে পারেন। সুন্দরবনে বন্যপ্রাণী সংরক্ষণের ওপর শুক্রবার আয়োজিত এক সেমিনারে অবসরপ্রাপ্ত মেজর জিয়াউদ্দিন জিয়া এ কথা বলেন। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিনদিনের পর্যটন মেলার দ্বিতীয় দিনে এ সেমিনার আয়োজন করে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ। অ্যাসোসিয়েশনের সভাপতি হাসান মনসুরের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন, বন্যপ্রাণী গবেষক খসরু চৌধুরী, মিজানুর রহমান, এলিজাবেথ ফাহরিন মনসুর প্রমুখ। সেমিনারে সুন্দরবন এবং বন্যপ্রাণী সংরক্ষণের ওপর গবেষণাপত্র উপস্থাপন করা হয়। এসব গবেষণাপত্রে রয়েল বেঙ্গল টাইগার এবং অন্যসব প্রাণীর বর্তমান অবস্থা তুলে ধরা হয়। এ ছাড়া প্রাণী রক্ষায় বিশদ গবেষণার প্রয়োজনের কথাও বলা হয়। জিয়াউদ্দিন জিয়া সুন্দরবন ধ্বংসের জন্য বন বিভাগ এবং প্রশাসনের কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতিকে দায়ী করেন। তিনি বলেন, "দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যাওয়া আসা করলে দুর্নীতিবাজ ও লুটপাটকারীরা কিছুটা ভয়ে থাকবে।" তিনি আরো বলেন, "বনের আয়তন দিন দিন কমছে। সুন্দরবন রক্ষায় এখনই উদ্যোগ নেওয়া প্রয়োজন। এজন্য একটি শক্তিশালী জাতীয় কমিশন গঠন করে কাজ শুরু করতে হবে।" সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে দ্রুত এ কমিশন গঠন করার দাবি জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এমএসবি/এমএইচবি/২২২৩ ঘ.