কুড়িগ্রাম, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভারী বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে কুড়িগ্রাম জেলার উপর দিয়ে প্রবাহিত ছোট-বড় ১৬টি নদীর পানি অস্বাভাবিক হারে বাড়ছে। ফলে জেলায় দ্বিতীয় দফা বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার কুড়িগ্রাম সদর ও চিলমারী উপজেলার চারটি ইউনিয়নের ২৪টি গ্রাম নতুন করে প্লাবিত হয়। এসব গ্রামের প্রায় এক হাজার ২৫০ একর আমন ক্ষেত তলিয়ে গেছে। সদরের খোগাদহ ইউনিয়নের কাশিপুর চর গ্রামে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় চারশ পরিবারের দু'হাজার মানুষ।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ধরলার ফেরিঘাট পয়েন্টে ৩৭ সেন্টিমিটার, ব্রহ্মপুত্রের নুন খাওয়া পয়েন্টে ৩৬ সেন্টিমিটার ও চিলমারীর পয়েন্টে ৩৩ সেন্টিমিটার এবং তিস্তার কাউনিয়া পয়েন্টে ২৬ সেন্টিমিটার পানি বেড়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বহী প্রকৌশলী রেজাউল মোস্তফা আসাফুদৌলা জানান, অস্বাভাবিকহারে পানি বাড়া অব্যাহত থাকলে দুই/তিন দিনের মধ্যে নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৮১০ ঘ.
bdnews24