চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শিল্প পরিসংখ্যান ব্যুরোর পরিচালক মো. মোস্তফাকে কুপিয়ে হত্যার দায়ে তার ভাতিজা ইফতেখার আলী হায়দারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
দশ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দ্বিতীয় দায়রা জজ শামসুল হুদা বৃহস্পতিবার এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ইফতেখার আলী হায়দার মো. মোস্তফার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় ১৯৯৭ সালের ২৫ এপ্রিল ভোর রাতে পাঁচলাইশের বনানী আবাসিক এলাকায় মোস্তফার বাসায় ঢুকে ইফতেখার দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে।
এ ঘটনায় পাঁচলাইশ থানার তৎকালীন উপ-পরিদর্শক আব্দুস সালাম বাদী হয়ে মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ইফতেখারকে অভিযুক্ত করে ১৯৯৭ সালের ৩০ জুলাই অভিযোগপত্র দেন। ১৯৯৯ সালের ৩ আগস্ট আদালতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এস এম ফোরকান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ অভিযুক্ত ইফতেখারকে গ্রেপ্তার করেছিল। কিন্তু জামিনে ছাড়া পেয়ে তিনি পালিয়ে যান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/টিএইচ/এসএনডি/১৭১৮ ঘ.
bdnews24