চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর চকবাজার এলাকায় রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে বৃহস্পতিবার সকালে মোহাম্মদ কালা শাহ নামে (৮০) একজন মারা গেছেন।
তার বাসা চকবাজারের ঘাইস্যা পাড়ায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক জহির আহমদ জানান, কালা শাহ সকাল দশটার দিকে বাসার পাশের দোকানে কেনাকাটা করতে যাওয়ার সময় রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুতস্পৃষ্ট হন। আশপাশের লোকজন উদ্ধার করার আগেই তিনি অজ্ঞান হয়ে পড়েন।
এরপর আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জহির আহমদ জানান, বৃষ্টির কারণে বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎ প্রবাহ থাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এসএনডি/১৪২১ ঘ.
bdnews24