কক্সবাজার, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মোহাম্মদ হোসেন হত্যা মামলার রায়ে তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ হাসান ইমাম এ রায় দেন। আদালত একই সঙ্গে দণ্ডিত তিন আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাভোগের নির্দেশ দিয়েছেন। মামলার অন্য পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়।
যাবজ্জীবন সাজা পাওয়া আসামিরা হচ্ছেন- চকরিয়া উপজেলার খুটাখালীর ফুলছড়ি গ্রামের পূর্ব নয়াপাড়ার নুরুল ইসলাম প্রকাশ বেদাইল্যা, একই গ্রামের নুরুল আমিন ও নুরুল হুদা।
নুরুল ইসলাম কারাগারে আটক থাকলেও অন্য দুই আসামি পলাতক।
মামলার বিবরণে জানা যায়, আসামিরা ১৯৯৮ সালের ১০ ডিসেম্বর অস্ত্রশস্ত্র নিয়ে গভীর রাতে মোহাম্মদ হোসেনের ঘরের দরজা ভেংে ভেতরে প্রবেশ করে তাকে গুলি করে হত্যা করে।
ঘটনার পরদিন নিহতের বাবা মোহাম্মদ সেকান্দর বাদী হয়ে আটজনের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জাফর আলম, আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহজাহান, অ্যাডভোকেট আবুল বশর ও অ্যাডভোকেট শামসুল আলম।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২২৪০ ঘ.
bdnews24