ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দেশের চলমান সংস্কার প্রক্রিয়াকে একটি 'নতুন সামাজিক চুক্তি' (নিউ সোশ্যাল কন্ট্রাক্ট) হিসেবে অভিহিত করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ।
বুধবার রাজধানীর হোটেল র্যাডিসনে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয় 'বাংলাদেশের অর্থনীতি ও ভবিষ্যৎ প্রেক্ষাপট' শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করে।
সেনা প্রধান তার লিখিত বক্তব্যে ১১ দফার একটি ফর্মুলা প্রস্তাব করেন এবং এই ফর্মুলা বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে কীভাবে দেশের অর্থনীতিকে পুর্নগঠিত করা যাবে তা ব্যাখ্যা করেন।
তিনি বলেন, "আমাদের লক্ষ্য সম্পর্কে সজাগ থেকে এবং জাতি গঠন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য সংস্কারের গুরুত্ব বিবেচনা করে দেশের পরিবর্তনের এই ধারাকে আমি একটি 'নতুন সামাজিক চুক্তি' হিসেবে অভিহিত করতে চাই।"
বর্তমান সরকারকে একটি 'সংস্কারবাদি তত্ত্বাবধায়ক সরকার' অভিহিত করে তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ এখনো দ্রব্যমূল্য, সংস্কার ও ব্যবস্থাপনা উন্নয়নের কারণে চাপের মধ্যে রয়েছে। এর মধ্যেও ধৈর্য্য ধরায় তিনি দেশবাসীকে সাধুবাদ জানান।
সেনাবাহিনী প্রধান বলেন, "কিছু ক্ষেত্রে কঠোর সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে এই সরকারের রাজনৈতিকভাবে জনপ্রিয় হওয়ার কথা নয়।" তবে তিনি জানান, সরকারের কার্যক্রমে দেশের 'প্রতিটি' মানুষের 'নিরব সমর্থন' রয়েছে বলে বিশ্বাস করেন তিনি।
জেনারেল মইন অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করতে ১১ দফা প্রস্তাব রাখেন এবং এই প্রস্তাব বাস্তবায়নের জন্য একটি অন্তর্বর্তীকালীন উন্নয়ন তহবিল গঠনের পরামর্শ দেন।
প্রস্তাব অনুযায়ী, 'বাংলাদেশ ইকনোমিক ডেভেলপমেন্ট কমিটি' নামের এই কমিটি সবধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড তদারকি করবে এবং অর্থ উপদেষ্টা ও ব্যবসায়ী মহলের কাছে দায়বদ্ধ থাকবে।
অর্থনীতির ভিত্তি মজবুত করতে তিনি সব সরকারি প্রতিষ্ঠানের শেয়ার বেসরকারি খাতে ছেড়ে দেওয়ারও পরামর্শ দেন। এক মাসের মধ্যে দেশের তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
ব্যাংক সুদের হার কমানো, দারিদ্র সীমার নীচে বসবাসকারীদের জন্য ঋণের ক্ষেত্রে কর প্রত্যাহার এবং কর আদায়ের পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, "কর নীতিমালা ও ব্যবস্থাপনার বিষয়টি আরও সুশৃঙ্খল হওয়া দরকার।"
জেনারেল মইন তার ফর্মুলার সপ্তম দফায় বলেন, "কর, দুর্নীতি দমন ও পুলিশ বিভাগের সেবার মান উন্নয়নের মাধ্যমে ব্যবসায়ীদের বিড়ম্বনা কমাতে হবে।"
এছাড়া প্রবৃদ্ধি ও দক্ষ ও প্রায়-দক্ষ জনশক্তি রপ্তানিতে বেসরকারি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেন তিনি।
ফর্মুলার শেষ দফায় বেসরকারি খাত ও ব্যক্তি উদ্যোক্তাদের জন্য একটি আর্থিক সুবিধা প্রকল্প করার প্রস্তাব করেছেন সেনাবাহিনী প্রধান।
তিনি বলেন, "আমি আবারও দেশের ব্যবসায়ীদের যে কোনো ধরনের ভয়-ভীতি থেকে মুক্ত থাকার নিশ্চয়তা দিচ্ছি এবং আমাদের অস্তিত্বের স্বর্থেই 'নতুন সামাজিক চুক্তি' বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/জেকে/২০০৬ ঘ.
bdnews24