চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাবেক বিভাগীয় বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) শামসুল আজমের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ভবন নির্মাণে তিনি ব্যাপক অনিয়ম করেছেন বলে অভিযোগ রয়েছে।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত দুদকের উপ-পরিচালক আবু মোহাম্মদ আরিফ সিদ্দীকীর নেতৃত্বে একটি দল নন্দন কাননে দক্ষিণ বন বিভাগের তিনতলা ভবনটির মাপজোখ ও আসবাবপত্রের তালিকা তৈরি করেন।
আরিফ সিদ্দীকী জানান, এডিবির অর্থায়নে প্রায় এক কোটি তিন লাখ টাকা ব্যয়ে নির্মিত তিনতলা ভবন নির্মাণে তৎকালীন ডিএফও শামসুল আজম ব্যাপক দুর্নীতি করেছেন বলে অভিযোগ রয়েছে। পদাধিকার বলে তিনি তখন ভবন নির্মাণের তত্ত্বাবধান ও সমন্বয় করেন।
তিনি বলেন, এই ভবন নির্মাণে ডিএফও দুর্নীতির মাধ্যমে তার এক আত্মীয়কে ঠিকাদারি কাজ পাইয়ে দিয়েছিলেন। হারুন নামে তার সেই আত্মীয় নারায়ণগঞ্জের এক ঠিকাদারের মাধ্যমে টেন্ডারে অংশ নিয়ে সাড়ে আট শতাংশ কম রেট দেখিয়ে কাজটি বাগিয়ে নেন। পরে অতিদ্রুত ভবনটির নির্মাণকাজ শেষ করেন।
আরিফ সিদ্দীকী বলেন, ভবনটি নির্মাণের সময় এর নকশা পরিবর্তন করা হয়। ভবন নির্মাণকালে ডিএফওকে বদলি করা হলেও দেড় মাসের মাথায় তিনি প্রভাব খাটিয়ে আবার একই পদে চট্টগ্রামে বদলি হয়ে আসেন।
জানা যায়, ৯৫৪ বর্গমিটার আয়তনের তিনতলা এ ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০০৬ সালের ২৬ এপ্রিল। এর মাত্র সাত মাসের মাথায় ২৭ অক্টোবর ভবনটি উদ্বোধন করা হয়। কিস্তু আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় এ বছরের মার্চ মাসে।
যৌথবাহিনী এ বছরের ২৪ জুন গ্রেপ্তার করার পর থেকে শামসুল আজম কারাগারে আটক আছেন। তিনি ২০০৩ সালের ১৫ নভেম্বর থেকে ২০০৭ এর ৩০ এপ্রিল পর্যন্ত চট্টগ্রামের ডিএফও'র দায়িত্ব পালন করেন।
এদিকে, ঢাকা থেকে আসা দুর্নীতি দমন টাস্কফোর্সের একটি দল বুধবার সাবেক মন্ত্রী মোরশেদ খানের বাসারও মাপজোখ করেছে বলে জানিয়েছেন আরিফ সিদ্দীকী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এসএনডি/২১৪০ ঘ.
bdnews24