২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিমান্ড শেষে মেয়র সরোয়ার কারাগারে

রিমান্ড শেষে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারকে বুধবার কারাগারে পাঠিয়েছে আদালত। ট্যারা শাহজাহান হত্যা মামলায় দুই দফায় টানা ১০ দিন রিমান্ড শেষে বুধবার দুপুরে মেয়র সরোয়ারকে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতে মেয়রের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন জানালে বিচারক মুনিম হাসান তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2007, 11:10 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

বরিশাল, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রিমান্ড শেষে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারকে বুধবার কারাগারে পাঠিয়েছে আদালত। ট্যারা শাহজাহান হত্যা মামলায় দুই দফায় টানা ১০ দিন রিমান্ড শেষে বুধবার দুপুরে মেয়র সরোয়ারকে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতে মেয়রের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন জানালে বিচারক মুনিম হাসান তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একইসঙ্গে মেয়রের সঙ্গে রিমান্ডে থাকা সোবাহান হাওলাদার, কালু হাওলাদার ও মামুন তালুকদারকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আসামিদের মধ্যে ওয়ার্ড কমিশনার আতিকুর রহমান এবং সুলতান শরীফ মঙ্গলবার সন্ধ্যায় ম্যাজিস্ট্রেট মুনিম হাসানের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দির পর মঙ্গলবারই তাদের কারাগারে পাঠানো হয়। ওই সময় আতিকুর রহমান এ মামলায় রাজসাক্ষী হওয়ার আবেদন জানান বলে সূত্র জানায়। ২০০৩ সালে ১৬ সেপ্টেম্বর নগরীর জিয়া সড়কে নিজ বাড়ির সামনে খুন হন চিহ্নিত সন্ত্রাসী ট্যারা শাহজাহান। হত্যাকাণ্ডের পর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজালাল বাদি হয়ে একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মাহফুজ আহমেদ চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করেছিলেন, গণরোষেই শাহজাহান নিহত হন। সিটি মেয়র সরোয়ার চলতি বছরের ২৮ মে ঢাকায় র‌্যাবের হাতে গ্রেপ্তার হন। এরপর ওই হত্যার ঘটনায় গত ৫ জুন রেনু বেগম নতুন করে কোতয়ালি থানায় একটি মামলা করেন। তাতে মেয়র এবং কমিশনার আতিকুর রহমানসহ ২১ জনকে আসামি করা হয়। চলতি বছরের ২৪ জুন ট্যারা শাহজাহান হত্যা মামলাটি পূনরুজ্জীবিত করার জন্য আবেদন করা হলে ম্যাজিস্ট্রেট মুনিম হাসানের আদালত সে আবেদন গ্রহণ করে। আসামিদের মধ্যে ১২ জন এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা মীর কাসেম জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০৫ ঘ.