পটুয়াখালী, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা-কুয়াকাটা সড়কের শাখারীয়ায় ট্রাক উল্টে মঙ্গলবার রাত থেকে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
দ্রুতি পরিবহনের কলাপাড়ার অফিসের কর্মকর্তা মো. রুবেল বুধবার সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত ৪টার দিকে ধান বোঝাই একটি ট্রাক বাঁক ঘুরতে গিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এরপর থেকেই কুয়াকাটা সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ অর্ধশত ট্রাক আটকে পড়ে।
বুধবার দুপুর ১২টার দিকে আমাদের পটুয়াখালী প্রতিনিধি টেলিফোনে জানান, প্রচণ্ড বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। রাস্তার দুই পাশে কয়েকশ যানবাহন আটকে আছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১২৩৮ ঘ.
bdnews24