কিশোরগঞ্জ, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জের বাজিতপুর ও নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে মঙ্গলবার দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
আমাদের কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, অপহরণের ১৮ দিন পর বাজিতপুরের ব্যবসায়ী মনির হোসেনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গত ১৭ আগস্ট তাকে অপহরণ করা হয়।
অপহরণে জড়িত থাকার অভিযোগে পুলিশ এরই মধ্যে তিন জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত জাবেদ, জুবায়ের ও সুমন ওই মামলার এজাহারভুক্ত আসামি।
মঙ্গলবার বিকেলে বাজিতপুর পৌর এলাকার পৈলানপুর গোরস্থানে একটি কবর খুড়ে মনিরের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয় বলে জানান বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান।
তিনি বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত আছে। তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করা হচ্ছে।
নোয়াখালী প্রতিনিধি জানান, কোম্পানীগঞ্জ উপজেলার চরদিয়ারা বালুয়া গুচ্ছগ্রাম এলাকার বামনী নদী থেকে মঙ্গলবার সকালে অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক ইয়াছিন ফারুক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি।
তিনি বলেন, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি খুনের মামলা রেকর্ড করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/ডিডি/এসএনডি/২২১৩ ঘ.
bdnews24