বাগেরহাট, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মংলা পৌরসভার শেলাবুনিয়া এলাকায় মানসিক প্রতিবন্ধী এক নারীকে (২৬) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এর সঙ্গে জড়িত সন্দেহে এলাকার তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধর্ষিতার ভাবি স্থানীয় সাংবাদিকদের বলেন, "সোমবার দুপুরে মেয়েটি বাড়ি থেকে বের হয়। মঙ্গলবার ভোরে সে অন্য একটি পোষাক পরে বাড়ি ফিরে আসে। বাড়ি ফেরার পর থেকেই সে কান্নাকাটি করতে থাকে। তার শরীরের বিভিন্ন স্থানে নখের আচড়সহ জখমের চিহ্ন রয়েছে।"
সূত্র জানায়, এলাকার ৪/৫ যুবক সোমবার মেয়েটিকে ফুসলিয়ে নিয়ে আসে এবং রাতে মংলা শহরের আব্দুল হাই সড়কের একটি ব্যবসা প্রতিষ্ঠানের পেছনের খুপড়ি ঘরে ধর্ষণ করে।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেছার উদ্দিন জানান, এক প্রতিবন্ধীকে গণধর্ষণের একটি অভিযোগ সম্পর্কে জানার পর পুলিশ মঙ্গলবার দুপুরে স্বপন (৩০), রবিউল (৩২) ও জামাল (২৮) নামে তিন যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
এ বিষয়ে বিস্তারিত জানতে থানার উপ-পরিদর্শক জাকির হোসেনকে ধর্ষিতার বাড়িতে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
মঙ্গলবার সন্ধ্যায় এ প্রতিবেদন প্রকাশ পর্যন্ত থানায় কোনও মামলা হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২১ ঘ.
bdnews24