ঢাকা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পত্তির হিসাব গ্রহণ করেছে দুর্নীতি দমন কমিশন। এতে তার মোট সম্পত্তির দাম আনুমানিক সাড়ে তিন কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে।
শেখ হাসিনার সম্পত্তির হিসাব সোমবার কারা কর্তৃপক্ষের মাধ্যমে কমিশনে পৌঁছায়। পরে কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে কমিশন সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার বিবরণী গ্রহণ করা হয়েছে।
সচিব কার্যালয় থেকে সরবরাহ করা বিবিরণীর সারসংক্ষেপ বলা হয়েছে, শেখ হাসিনার স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য আনুমানিক সাড়ে তিন কোটি টাকা।
সম্পদ বিবরণী অনুযায়ী, গোপালগঞ্জে শেখ হাসিনার আনুমানিক ৮ দশমিক ৭ একর, খুলনায় দশমিক ৭৮ একর এবং রংপুরে কিছু জমি আছে। তবে রংপুরের জমির পরিমাণ উল্লেখ করা হয়নি।
শেখ হাসিনার নামে আটটি ব্যাংক হিসাব আছে। সোনালী ব্যাংকের জাতীয় সংসদ শাখায় দুই কোটি ১৮ লাখ ২২ হাজার দুই টাকার, পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় ৩ লাখ ৪৪ হাজার ২২ টাকার এবং অগ্রণী ব্যংকের প্রধান শাখায় ৭ লাখ ৯১ হাজার ৫৮৭ টাকার স্থায়ী আমানত আছে। এছাড়া, পূবালী ব্যংকে তার একটি ও অগ্রণী ব্যাংকে দুটি লকার আছে।
বিবরণীতে আওয়ামী লীগ সভানেত্রীর দুটি জিপ, একটি বন্দুক, একটি পয়েন্ট টু টু বোর রাইফেল ও একটি পিস্তল থাকার কথাও উল্লেখ করা হয়েছে।
যৌথবাহিনী শেখ হাসিনাকে গত ১৬ জুলাই গ্রেপ্তার করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/জেকে/২০৩৬ ঘ.
bdnews24