ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-ফৌজদারী মামলায় বিচারাধীন থাকাসহ বিভিন্ন অভিযোগে জড়িত অভিযোগে ১২টি পৌরসভার চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে। এছাড়া ধামরাই পৌর চেয়ারম্যান দেওয়ান নাজিমউদ্দিন মঞ্জুকে অপসারণ করা হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণলায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফৌজদারী মামলায় বিচারাধীন থাকায় সরকার পৌরসভা অর্ডিন্যান্স ১৯৭৭ এর ১৩৬ (১) ধারা অনুসারে এ ব্যবস্থা নিয়েছে।
সাময়িক বরখাস্ত হয়েছেন, কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান মনিরুল হক (সাক্কু), নড়াইলের মো. সোহরাব হোসেন বিশ্বাস, নেয়ায়াখালীর হারুনুর রশিদ আজাদ, খাগড়াছড়ির মো. জয়নাল আবেদীন, ভোলা জেলার লালমোহন পৌরসভার এনায়েত কবীর, লক্ষীপুর জেলার রামগতির মো. আজাদ উদ্দিন চৌধুরী, পটুয়াখালী বাউফল পৌরসভার কাজী ফরিদুজ্জামান টিপু, গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের চেয়ারম্যান সাজ্জাদ করিম মন্টু মিয়া, জামালপুর জেলার মেলান্দহের হাজী দিদার পাশা, খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার চেয়ারম্যান মো. বেলয়েত হোসেন, রাজশাহী জেলার বাঘা পৌরসভার চেয়ারম্যান আক্কাছ আলী ও দুর্গাপুর পৌরসভার চেয়ারম্যান মো. সাইদুর রহমান (মন্টু)।
এছাড়া ঢাকা জেলার ধামরাই পৌরসভার চেয়াম্যান দেওয়ান নাজিমউদ্দিন মঞ্জুকে অপসারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে দুর্নীতি, অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যহার, নারী নির্যাতন, অবৈধভাবে বিদেশ গমন এবং তিনের অধিক সভায় অনুপস্থিত থাকার অভিযোগে ১২ জন পৌর চেয়াম্যান, ১৯ জন ইউপি চেয়ারম্যান ও ১১ জন সদস্যকে অপসারণ, সাময়িক বরখাস্ত ও পদ শূন্য ঘোষণা করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচবি/১৯৫৮ ঘ.
bdnews24