২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার আইনি অধিকারের ওপর জোর দিচ্ছে ব্রিটিশ-মার্কিন দূতাবাস

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে 'যথাযথ আচরণ' ও তার 'আইনি ও সাংবিধানিক' অধিকারের ওপর জোর দিয়েছে মার্কিন দূতাবাস ও ব্রিটিশ হাই কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 10:35 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে 'যথাযথ আচরণ' ও তার 'আইনি ও সাংবিধানিক' অধিকারের ওপর জোর দিয়েছে মার্কিন দূতাবাস ও ব্রিটিশ হাই কমিশন। সোমবার যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়, "ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস খালেদা জিয়ার গ্রেপ্তারের বিষয়ে অবহিত। গ্রেপ্তারকৃত প্রত্যেকের সঙ্গেই যথাযথ আচরণ করা প্রয়োজন এবং তাদের আইনি ও সাংবিধানিক অধিকার পাওয়া উচিত।" দূতাবাসের প্রতিক্রিয়ায় আরো জানানো হয়েছে, এখন আদালতে নিজেদের অবস্থান প্রমাণ করতে হবে সরকারকে। যে সব মামলা বিচারাধীন তা আন্তর্জাতিক মান অনুযায়ী পরিচালিত হচ্ছে কিনা সে দিকেও তারা লক্ষ্য রাখছে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস। ঢাকায় ব্রিটিশ হাইকমিশন তাদের পাঠানো এক বিবৃতিতে বলেছে, "খালেদা জিয়াকে গ্রেপ্তার করার বিষয়টি আমরা জেনেছি। এ বিষয়ে যেন যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়, তা নিশ্চিত করার জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।" পাশাপাশি আইনের শাসন সমুন্নত রাখার জন্য সরকারকে অনুরোধ জানিয়েছে ব্রিটিশ হাই কমিশন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/এসএইচ/এমএ/১৬১০ ঘ.