২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের বিএনপি নেতা দস্তগীর চৌধুরীর ছয় বছর কারাদণ্ড

চাঁদার দাবিতে ভাংচুর ও লুটপাটের মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দস্তগীর চৌধুরীকে ছয় বছর কারাদণ্ড দিয়েছে আদালত। চট্টগ্রাম তৃতীয় সহকারী মহানগর দায়রা জজ লা মং সোমবার দুপুরে এ রায় দেন। একই মামলায় দস্তগীর চৌধুরীর একান্ত সহকারী মো. শাহজাহানকেও সমান সাজা দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 07:21 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদার দাবিতে ভাংচুর ও লুটপাটের মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দস্তগীর চৌধুরীকে ছয় বছর কারাদণ্ড দিয়েছে আদালত। চট্টগ্রাম তৃতীয় সহকারী মহানগর দায়রা জজ লা মং সোমবার দুপুরে এ রায় দেন। একই মামলায় দস্তগীর চৌধুরীর একান্ত সহকারী মো. শাহজাহানকেও সমান সাজা দেওয়া হয়। নগরীর কদমতলীর মোটর গাড়ির যন্ত্রাংশের ব্যবসায়ী জালাল মিয়ার দায়ের করা এ মামলার রায়ের সময় দস্তগীর চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন। তবে অপর আসামি শাহজাহান পলাতক রয়েছেন। রায়ের পর আসামি পক্ষের আইনজীবী রানা দাশগুপ্ত বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আদালতের কাছে ন্যায়বিচার চেয়েছিলাম। কিন্তু তা না পাওয়ায় উচ্চতর আদালতে আপিল করব।" তিনি আরও বলেন, "দেশের প্রধান একটি রাজনৈতিক দলের নেতা ও একজন সাবেক ডেপুটি মেয়র মাত্র ২০ হাজার টাকার জন্য একটি মোটর পার্টসের দোকানে হামলা করবে, তা মোটেই বিশ্বাসযোগ্য নয়।" সরকারপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি জাফর আলম। চলতি বছরের ১৯ ফেব্র"য়ারি দায়ের করা এ মামলার বাদি জালাল মিয়া এজাহারে অভিযোগ করেন, ২০০৬ সালের ৫ ডিসেম্বর দস্তগীর চৌধুরীর নির্দেশে এক দল অজ্ঞাতনামা সন্ত্রাসী তার কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় ৫ ও ৭ ডিসেম্বর দুই দফায় তার দোকান ভাংচুর ও লুটপাট চালানো হয়। গত ৫ আগস্ট দস্তগীর চৌধুরী ও শাহজাহানের বিরুদ্ধে মামলার অভিযোগ গঠন হয়। আদালত এ মামলায় সাত জন সাক্ষীর সাক্ষ্য নেয়। বিএনপি নেতা দস্তগীর চৌধুরীকে গত ১৬ জানুয়ারি যৌথবাহিনী আটক করে। এর পর থেকেই তিনি কারাগারে রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৩২০ ঘ.