সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি, সন্ত্রাস ও লুটতরাজের অভিযোগে সাবেক সাংসদ ও বিএনপি নেতা এম আকবর আলী ও তার স্ত্রীসহ মোট ১৩ জনের বিরুদ্ধে রোববার একটি মামলা হয়েছে।
উল্লাপাড়া উপজেলার ঝিকতা গ্রামের ব্যবসায়ী বদিউজ্জামান দুলাল বাদি হয়ে সিরাজগঞ্জ প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। বিচারক ফরিদা পারভীন মামলটি আমলে নিয়ে দ্রুত তদন্তের জন্য উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
আকবর আলী, তার স্ত্রী মোমেনা আলী, উল্লাপাড়া বিজ্ঞান কলেজের সাবেক অধ্যক্ষ হামিদুল হকসহ মামলার ১৩ আসামির সবাই বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী।
এজাহারে অভিযোগ করা হয়, সাবেক সাংসদ ও উল্লাপাড়া বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা আকবর আলী ওই কলেজ সংলগ্ন বাদির প্রায় ৪৪ শতাংশ জমি কলেজকে দান করার প্রস্তাব দেয়। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় আকবর আলীর নির্দেশে বেশ কিছু বিএনপি নেতা-কর্মী ও তাদের সন্ত্রাসী বাহিনী বাদির ওপর নির্যাতন শুরু করে। তাতেও নতি স্বীকার না করলে আকবর আলী বাদির কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
দুলাল জানান, চাঁদা দিতে অস্বীকার করায় আকবর আলীর সন্ত্রাসী বাহিনী ২০০৫ সালের ১৪ ফেব্র"য়ারি থেকে ১৭ ফেব্র"য়ারি পর্যন্ত ৪ দিন কয়েক দফায় উল্লাপাড়া পৌর এলাকার ঝিকড়া গ্রামে তার বাড়িতে লুটপাট চালায়।
ওই সময় আসবাবপত্র ও গাছপালাসহ ১৪ লাখ টাকার মালামাল লুট হয় জানিয়ে বাদি অভিযোগ করেন, এ বিষয়ে আইনগত কোনও ব্যবস্থা নিলে জীবননাশের হুমকি দেয় সন্ত্রাসীরা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২৯ ঘ.
bdnews24