২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ দিনের মধ্যে রাজধানীতে বসবে বিডিআরের ৩টি পাইকারি বাজার

রাজধানীতে আরো ৮০টি ন্যায্য মূল্যের দোকান ও ৩টি পাইকারি বাজার চালু করতে যাচ্ছে বিডিআর। দু'এক দিনের মধ্যে খুচরা দোকান এবং আট থেকে দশ দিনের মধ্যে পাইকারি বাজারগুলো চালু করা হবে বলে জানিয়েছেন বিডিআর সদর দপ্তরের সেক্টর কমান্ডার ও অপারেশন ডাল-ভাত কর্মসূচির সমন্বয়ক কর্নেল মো. মজিবুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2007, 12:12 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ঢাকা,সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে আরো ৮০টি ন্যায্য মূল্যের দোকান ও ৩টি পাইকারি বাজার চালু করতে যাচ্ছে বিডিআর। দু'এক দিনের মধ্যে খুচরা দোকান এবং আট থেকে দশ দিনের মধ্যে পাইকারি বাজারগুলো চালু করা হবে বলে জানিয়েছেন বিডিআর সদর দপ্তরের সেক্টর কমান্ডার ও অপারেশন ডাল-ভাত কর্মসূচির সমন্বয়ক কর্নেল মো. মজিবুল হক। রোববার বিডিআর অফিসার্স মেসে সাংবাদিকদের তিনি এ কথা জানান। কর্নেল মুজিবুল হক জানান, রোজায় ন্যায্যমূল্যের দোকানগুলোতে প্রতি কেজি চাল ১৯ টাকা, আটা ২৯ টাকা, চার ধরনের ডাল ৫৩, ৬৮, ৬০ ও ৫৪ টাকা, ছোলা ৫৫ টাকা, আলু ১৮ টাকা, লাবণ ১০ টাকা, পিঁয়াজ ২৫ টাকা, রসুন ৪২ টাকা, আদা ৩৮ টাকা, হলুদ ৫৬ টাকা, গুড়া হলুদ ৭২ টাকা, খেজুর ৮০ টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেল ৭৩ টাকা দরে বিক্রি করা হবে। তিনি বলেন, "বর্তমানে রাজধানীতে ২০টি ন্যায্য মূল্যের খুচরা দোকান চালু রয়েছে। এ ধরনের আরো ৮০ টি দোকান খোলা হচ্ছে। এর মধ্যে আনসার সদস্যদের এবং বেসকারি প্রতিষ্ঠানের কয়েকটি দোকানও থাকবে।" ডাল-ভাত কর্মসূচির সমন্বয়ক আরো বলেন, "এর আগে পাঁচটি পাইকারি বাজার বসানোর কথা বলা হলেও নানা সমস্যার কারণে তা সম্ভব হয়নি। তবে পাঁচটি না হলেও তিনটি বাজার আট থেকে দশ দিনের মধ্যে চালু হতে যাচ্ছে। এসব পাইকারি বাজার থেকে সাধারণ দোকানদারও মালামাল কিনে তাদের দোকানে নিয়ে বিক্রি করতে পাববেন।" পাইকারি বাজারগুলো বসানো হবে গাবতলী, উত্তরা ও যাত্রাবাড়িতে। এর আগে গাবতলীর অবৈধ পাইকারি বাজার উচ্ছেদের কারণে যেসব নিরীহ দোকানদার ক্ষতিগ্রস্ত হয়েছেন, নতুন বাজারে তারা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন মজিবুল হক। তিনি জানান, খুচরা ও পাইকারি বাজারে দামের পার্থক্য খুব একটা থাকবে না। এসব বাজারে শাক-সব্জি, মাছ-মাংসও বিক্রি হবে। এসব বাজারে ব্যবসা করার জন্য সাধারণ ব্যবসায়ীদেরও উৎসাহিত করা হবে। এক্ষেত্রে তাদের নিরাপত্তার ব্যবস্থাও নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে কর্নেল মজিবুল হক জানান, রমযান মাসকে সামনে রেখে বিডিআরের বাজারগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশ হাজার টন চাল, পাঁচ হাজার টন ডাল, তিন হাজার টন ছোলা মজুদ রয়েছে। প্রয়োজনে আরো সংগ্রহ করা হবে। তবে রাজধানীতে চাহিদার মাত্র ২০ ভাগ সরবরাহ করা যাচ্ছে বলে জানান তিনি। অপর এক প্রশ্নের জবাবে বিডিআর সেক্টর কমান্ডার মজিবুল হক জানান, বর্তমান সরকারের অনুরোধে তারা এই কর্মসূচি চালাচ্ছেন। তবে কতদিন এ কর্মসূচি চলবে সে বিষয়ে তার কিছু জানা নেই। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৭৩২ ঘ.