২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৭ বছরে কিছু দুষ্ট লোকের কারণে উন্নয়ন ব্যাহত হয়েছে: নৌ-প্রধান

নৌ-বাহিনী প্রধান ভাইস এডমিরাল সরোয়ার জাহান নিজাম বলেছেন, গত ৩৭ বছরে দেশের অনেক উন্নয়ন হওয়ার কথা ছিল, কিন্তু কিছু দুষ্ট লোকের জন্য তা ব্যাহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2007, 09:16 AM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ভোলা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নৌ-বাহিনী প্রধান ভাইস এডমিরাল সরোয়ার জাহান নিজাম বলেছেন, গত ৩৭ বছরে দেশের অনেক উন্নয়ন হওয়ার কথা ছিল, কিন্তু কিছু দুষ্ট লোকের জন্য তা ব্যাহত হয়েছে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "যথাসময়ে নির্বাচনের লক্ষ্যেই ভোটার তালিকার কাজ চলছে।" ভোলা সদরের ধনিয়া হাই স্কুল মাঠে রোববার নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ত্রাণ বিতরণ শেষে তিনি নৌ-বাহিনী ও স্থানীয় জনগণের সম্মিলিত অংশগ্রহণে মেরামত করা ভোলা শহর রক্ষা বাঁধ পরিদর্শন করেন। সরোয়ার জাহান নিজাম পরে নৌ বাহিনীর ভোলা কন্টিনজেন্ট কার্যালয় পরিদর্শন করেন। ওই সময় নৌ বাহিনী সদস্যদের উদ্দেশে তিনি বলেন, "দেশের যে কোনও দুর্যোগ মোকাবেলা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নৌ-বাহিনীর কার্যক্রমের চলমান ধারা অব্যাহত থাকবে।" ভোটার পরিচয় পত্র তৈরির কাজেও নৌ-বাহিনী সম্পৃক্ত হবে বলে জানান তিনি। নৌ-বাহিনীর চট্টগ্রাম আঞ্চলিক কমান্ডার কমোডর ইমাম হোসেন, ভোলা জেলা প্রশাসক মো. বেলায়েত হোসেন, পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ, ভোলা নৌ-কন্টিনজেন্ট কমান্ডার ইফতেখার চৌধুরীসহ সরকারি কর্মকর্তারা ওই সময় নৌবাহিনী প্রধানের সঙ্গে ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৫১৬ ঘ.