চট্টগ্রাম, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের ঘটনায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজয় কুমার দাশ নামে ওই ছাত্রকে রোববার ভোররাতে নগরীর মাদারবাড়ি এলাকায় একটি মেস থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান হাটহাজারী থানার উপ-পরিদর্শক আব্দুল আউয়াল।
বিজয় রাজনীতি বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ছাত্রফ্রন্টের কর্মী বলে জানিয়েছেন সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কাঞ্চন সরকার।
পুলিশ কর্মকর্তা আউয়াল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে তিনটার দিকে বিজয়কে গ্রেপ্তার করা হয়। সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের জের ধরে গত ২২ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যাপক বিক্ষোভ, ভাংচুর ও সংঘর্ষ হয়। এতে পুলিশসহ প্রায় ৩০ জন শিক্ষার্থী ও শিক্ষক আহত হন।
এ ঘটনায় ২৬ আগস্ট হাটহাজারী থানার উপ-পরিদর্শক মো. আনিসুর রহমান বাদি হয়ে শিক্ষার্থী ও বহিরাগত মিলিয়ে অজ্ঞাতনামা দেড় হাজার জনের বিরুদ্ধে একটি মামলা করেন।
ওই মামলার প্রাথমিক তদন্তে ভাংচুরের জন্য দায়ী ২৫ জনকে সনাক্ত করা হয় বলে গত ২৮ আগস্ট তদন্তকারী কর্মকর্তা হাটহাজারী থানার উপ-পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৫০২ ঘ.
bdnews24