২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি হলে কর্মকর্তা-কর্মচারীদের মারধরের অভিযোগ

সাদা পোশাকে থাকা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদদীন হলে ঢুকে ছয় কর্মকর্তা-কর্মচারীকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2007, 02:10 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাদা পোশাকে থাকা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদদীন হলে ঢুকে ছয় কর্মকর্তা-কর্মচারীকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে । নাম প্রকাশ না করার শর্তে জসীমউদদীন হলের একজন কর্মকর্তা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হলে আসেন। তাদের একজন নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দেন। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চারজন ছাত্রের বিষয়ে তথ্য জানতে চান। কিন্তু প্রায় এক ঘণ্টা কাগজপত্র ঘেঁটেও কোনো তথ্য না দিতে পারায় কর্মকর্তা-কর্মচারীদের মারধর শুরু করেন তারা। এতে আহত হন হলের প্রশাসনিক কর্মকর্তা আবু তাহের, তত্ত্বাবধায়ক শাহ আলম, প্লাম্বার রফিক, দারোয়ান মজিবর রহমান, ইউসুফ আলী ও আব্দুর রশীদ। ঘটনার পর হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ ড. নাসিরউদ্দীন মুন্সী ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা কামরুল আহসান হলে আসেন বলে জানান ওই কর্মকর্তা। এ বিষয়ে হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ নাসিরউদ্দীন মুন্সী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভুল বোঝাবুঝির কারণে এটি হয়ে থাকতে পারে। আমি ভিসিসহ সংশ্লিষ্টদের বিষয়টি জানিয়েছি।" প্রক্টর আকা ফিরোজ আহমেদ এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি সেখানে যেতে পারিনি। হল প্রাধ্যক্ষ ও নিরাপত্তা কর্মকর্তা গিয়েছিলেন। প্রাধ্যক্ষের মোবাইল ফোনের মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনীর দলনেতার সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাদের হল প্রাধ্যক্ষের মাধ্যমে সাহায্য নিতে বলেছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/এমএইচবি/১৯৫২ ঘ.