নীলফামারী, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা আনোয়ারুল হককে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার মধ্য রাতে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তারের পর শনিবার চেয়ারম্যানকে আদালতে হাজির করা হয়। তখন ম্যাজিস্ট্রেট এনামুল হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান পুলিশ উপ-পরিদর্শক অসীম কুমার দাস।
তিনি জানান, চাল আত্মসাতের ঘটনায় সদর উপজেলার ভিজিএফ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রঙ্গলাল সরকার শুক্রবার গভীর রাতে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। এর পরই চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়।
চেয়ারম্যান আনোয়ারুল হকের অনুকূলে বরাদ্দ করা ভিজিএফের ১৪ বস্তা চাল শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করে পুলিশ। ওই চালের ওই বস্তাগুলো লুকিয়ে রাখা হয়েছিলো। গ্রামবাসীর অভিযোগ, আত্মীয়-স্বজনকে দেওয়ার উদ্দেশ্যে চেয়ারম্যান চালের বস্তাগুলো লুকিয়ে রাখেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৮৫৭ ঘ.
bdnews24