ঢাকা, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার ইস্যুতে দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের নেতৃত্বে কার্যনির্বাহী সংসদ যে সিদ্ধান্ত নেবে সেটাই আওয়ামী লীগের সিদ্ধান্ত।
শনিবার শেখ হাসিনার আয়কর আইনজীবী খন্দকার মনিরুজ্জামান বিশেষ কারাগার থেকে বের হয়ে সাংবাদিকদের অন্তরীণ সাবেক প্রধানমন্ত্রীর এই অভিমতের কথা জানান।
আয়কর আইনজীবী জানান,"শেখ হাসিনা বলেছেন, জিল্লুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার বিষয়ে যে সিদ্ধান্ত নেবে তার সঙ্গে তিনিও একমত হবেন"।
মনিরুজ্জামান জানান, দুর্নীতি দমন কমিশনে (দুদক) দেওয়ার জন্য শেখ হাসিনা তার সম্পত্তির হিসাব অনুমোদন করেছেন। আসছে সোমবার হাসিনা কারা কর্তৃপক্ষের মাধ্যমে দুদকে তার সম্পত্তির হিসাব জমা দিতে পারেন। বুধবার পর্যন্ত হিসাব জমা দেওয়ার সময় রয়েছে।
তিনি আরো জানান, নগদ এক কোটি টাকাসহ শেখ হাসিনার সম্পত্তির মূল্যমান প্রায় আড়াইকোটি টাকা।
মনিরুজ্জামান জানান, একটি ব্যাংকে সর্বোচ্চ ১ কোটি ২৮ লাখ টাকা অপর একটি ব্যাংকে সর্বনিম্ন ২ হাজার টাকা রয়েছে। তার মোট ৮ টি একাউন্ট রয়েছে।
সম্পত্তির হিসাব উল্লেখ করে আয়কর আইনজীবী জানান, শেখ হাসিনার অধিকাংশ সম্পত্তি বাবা,মা এবং দাদার সূত্র থেকে পাওয়া। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি এলাকাটি বাদ দিয়ে ১৫ বিঘা জমি রয়েছে, যার অর্ধেক একমাত্র বোন শেখ রেহানার।
এছাড়া গোপালগঞ্জে ৪০ কাঠা জায়গায় টিনশেডের একটি বাড়ি রয়েছে। সেখানে একটি পুকুরও আছে।
আয়কর আইনজীবী জানান, শেখ হাসিনার যে দুটি গাড়ি রয়েছে এর একটি চট্টগ্রাম আওয়ামী লীগের এবং অন্যটি লন্ডন আওয়ামী লীগের দেওয়া উপহার। চট্টগ্রাম আওয়ামী লীগের দেওয়া গাড়িটির মূল্য ৬ লাখ টাকা নির্ধারণ করা গেলেও অন্য গাড়িটির মূল্য নির্ধারণ করা যায়নি।
তিনি জানান,ধানমন্ডিতে সুধাসদন নামে যে বাড়ি রয়েছে সেটা তার স্বামী ওয়াজেদ মিয়ার নামে। স্বামী অসুস্থ থাকার কারণে এই বাড়ির মূল্য জানা সম্ভব হয়নি। এছাড়া ওয়াজেদ মিয়ার নামে রংপুরের পীরগঞ্জে ৭ বিঘা জমি রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএ/১৬২৪ ঘ.
bdnews24