রাজশাহী, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক তৎপরতার ওপর নিষেধাজ্ঞা শিগগিরই তুলে নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী।
শনিবার রাজশাহী স্টেডিয়ামে জেলা নির্বাচন ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আশাবাদ প্রকাশ করেন। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনও ওই সভায় উপস্থিত ছিলেন।
ভোটার পরিচয়পত্র তৈরিতে যুক্তরাজ্য আরও অর্থ সহায়তা দেবে বলেও আশ্বাস দেন আনোয়ার চৌধুরী।
ভোটার ও জাতীয় পরিচয়পত্র তৈরির উদ্যোগে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, "ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই জাতীয় পরিচয় পত্র পাচ্ছে- এ উদ্যোগটি প্রশংসনীয়। এটা বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।"
নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বলেন, "নির্বাচনের রোডম্যাপ বাস্তবায়ন ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ক্ষেত্রে সরকারের সমর্থন রয়েছে। আমি আশা প্রকাশ করি, ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। সরকার নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার সুযোগ করে দেবে।"
তবে কোনও কারণে ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া না হলেও দলগুলোর সঙ্গে আলোচনায় কোনও অসুবিধা হবে না বলে মন্তব্য করেন সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, "আমরা সবাই নির্বাচন চাই। তাই আলোচনা ফলপ্রসূ হবে বলেই আমার বিশ্বাস। নির্বাচনের রোডম্যাপ থেকে আমরা সরতে চাই না।"
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আবু তাহের, জেলা প্রশাসক খলিলুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মুসা প্রমুখ।
সভা শেষে আনোয়ার চৌধুরী ও সাখাওয়াত হোসেন মাদার বক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজ ও বরেন্দ্র কলেজে ভোটার নিবন্ধন কেন্দ্র পরিদর্শন করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬০৫ ঘ.
bdnews24