ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজধানীর খিলগাঁও এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ বিপুল পরিমাণ ল্যাপটপ, মোবাইল ফোনসেট, নগদ টাকা ও পাসপোর্টসহ চার ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার গোয়েন্দা পুুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো মো. আব্দুর রহিম (৩২), মো. চাঁন মিয়া (৩২), বকুল মিয়া (২৫) ও মো. মজলিস মিয়া (২৬)।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুলশান অঞ্চলের উপ-পুলিশ কমিশনার মীর রেজাউল আলমের নেতৃত্বে একটি দল গত ১৮ আগস্ট গুলশান থানার একটি মামলায় ইউসুফ (৪৬), খোকা (২৫), মামুন (২২), সাজু (৪০) ও আব্দুল মান্নান নামের চারজনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোররাতে খিলগাঁও থানার তিলপাপাড়ার একটি বাসায় অভিযান চালানো হয়।
পুলিশ ওই বাসা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১০টি ল্যাপটপ কম্পিউটার, ৪টি মোবাইলফোন সেট, নগদ ৯২ হাজার পাঁচশ টাকা, একটি পাসপোর্ট ও ল্যাপটপ সংযোগের বিভিন্ন প্রকার তার উদ্ধার করে। এ সময় সেখান থেকে চারজনকে গ্রেপ্তার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/২৩০৮ ঘ.
bdnews24