২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ২

সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নে বুধবার মধ্যরাতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুস সালাম খোকন (৩২) ও নাজমুল মাহমুদ খান শিমুল (৩০) নামের দুই ব্যাক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2007, 02:18 PM

Updated : 26 Aug 2022, 08:32 PM

সাভার, আগস্ট ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নে বুধবার মধ্যরাতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুস সালাম খোকন (৩২) ও নাজমুল মাহমুদ খান শিমুল (৩০) নামের দুই ব্যাক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে র‌্যাব। এই ঘটনায় র‌্যাবের দুজন সিপাহী আহত এবং একটি পিকআপ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থল থেকে দুটি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি, দুই রাউন্ড গুলির খোসা ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। র‌্যাব ১১ সাভার ক্যাম্পের সহকারি পুলিশ সুপার মোহাম্মদ সোলায়মান জানান, হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কের শহীদ রফিক সেতুর পশ্চিম পাশে নন্দখালী গ্রামের তুরাগ নদীর পাড়ে বড় ধরনের একটি মাদকের চালান আসার খবর পেয়ে বুধবার গভীর রাতে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে যায়। এসময় সন্ত্রাসীরা র‌্যাবের গাড়ি লক্ষ করে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা জবাব দেয়। প্রায় আধ ঘণ্টার বন্দুকযুদ্ধে খোকন ও শিমুল নিহত এবং র‌্যাবের দুই সিপাহী আহত হন। সাভার থানার উপ-পরিদর্শক নাসিম উদ্দিন জানান, নিহত দুইজনের বিরুদ্ধে সাভার থানায় অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ দেড় ডজন করে মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে লাশদুটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে বলে নাসিম উদ্দিন জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/১৯১২ ঘ.