ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কৃষি উপদেষ্টা সিএস করিম বলেছেন, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না। গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার কারণেই সরকার সফলভাবে বন্যা মোকাবেলা করতে পেরেছে।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার কৃষি, মৎস্য ও পশু সম্পদ পুনর্বাসন কার্যক্রম পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে সকালে তিনি রাজবাড়ি যান এবং বিকেলে নড়াইলে বন্যা ও ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেন।
আমাদের রাজবাড়ী প্রতিনিধি জানান, উপদেষ্টা সিএস করিম বৃহস্পতিবার সকালে জেলা সদরের রামকান্তপুরে কৃষি, মৎস্য ও পশু সম্পদ কার্যক্রম পরিদর্শন করেন।
সেখানে এক সমাবেশে তিনি বলেন, আমাদের দেশের মানুষ বাইরের দিকে না তাকিয়ে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে। তারা বসে না থেকে স্থানীয়ভাবে সমস্যা সমাধানে এগিয়ে আসে। এটা আমাদের গর্বের বিষয়। তাদের এ উদ্যোগকে এগিয়ে নিতে যৌথবাহিনীসহ আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।
দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে পর্যালোচনা সভায় উপদেষ্টা বলেন, "আমরা মিডিয়া নিয়ন্ত্রণ করতে চাই না। মিডিয়ার দায়িত্বশীল ভূমিকা দেখতে চাই। বন্যার সময় মিডিয়া যেমন ইতিবাচক ভূমিকা পালন করেছে, পুনর্বাসন কাজের ক্ষেত্রেও মিডিয়ার তেমন দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করি আমরা।"
তিনি আরো বলেন, মানুষ এখন ত্রাণমুখী নয়, কর্মমুখী ও পুনর্বাসনমুখী হয়েছে।
আমাদের ফরিদপুর প্রতিনিধি জানান, জেলা প্রশাসক মো. ইয়াহ্-ইয়া ভূইয়ার সভাপতিত্বে মৎস্য ও পশু সম্পদ সচিব সৈয়দ আতাউর রহমান, জেলা প্রশাসন ও যৌথ বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা এই সভায় উপস্থিত ছিলেন।
কৃষি উপদেষ্টা বিকেলে ফরিদপুর থেকে নড়াইল যান।
আমাদের নড়াইল প্রতিনিধি জানান, উপদেষ্টা সেখানকার বন্যা কবলিত মঙ্গলহাটা এলাকা ঘুরে দেখে ক্ষতিগ্রস্ত বেড়িবাধগুলো সম্পর্কে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। পরে তিনি ভাঙ্গনকবলিত চান্দেরচর ও নোয়াগ্রাম বেড়িবাধ এলাকা ঘুরে দেখেন।
এ সময় নড়াইল যৌথবাহিনীর অধিনায়ক লে. কর্নেল আবুল ফজল মো. সানাউল্লাহ, নড়াইলের জেলা প্রশাসক মো. আব্দুল কাইউম সরদার, পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী দীপক কুমারসহ সরকারি কর্মকর্তারা উপদেষ্টার সঙ্গে ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/১৮০৪ ঘ.
bdnews24