রাজশাহী, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকের রিমান্ড পুনর্বিবেচনার আবেদন বুধবার খারিজ করে দিয়েছে রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত।
সকালে অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু ও হামিদুল হক এ আবেদন করেন। আবেদনের শুনানি শেষে বিকালে জেলা ও দায়রা জজ মকসুদ আহমদ তা খারিজ করে দেন।
গোলাম আরিফ টিপু ও হামিদুল হকসহ ১৫ জন আইনজীবী শুনানিতে অংশ নেন।
আবেদনকারী আইনজীবী হামিদুল হক সাংবাদিকদের বলেন, "নিম্ন আদালত মনে করলে ১০ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আরও কম দিনের জন্য রিমান্ড মঞ্জুর করতে পারতেন। কিন্তু তা না করে তিন শিক্ষকের প্রতি অন্যায় করা হয়েছে। তাই নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছিল। আদালত তা নামঞ্জুর করেছে।"
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক সাইদুর রহমান খান, প্রগতিশীল শিক্ষক সমাজের আহবায়ক অধ্যাপক আব্দুস সোবহানকে গত ২৩ আগস্ট রাতে এবং ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মলয় ভৌমিককে পরদিন বিকালে আটক করা হয়।
গত ২২ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের সময় সংঘর্ষ-ভাংচুরের ঘটনায় ওই তিন শিক্ষককে জরুরি বিধিমালায় গ্রেপ্তার দেখিয়ে ২৫ আগস্ট আদালতে হাজির করা হয়।
মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুখ হোসেন তিন শিক্ষককে ১০ দিন রিমান্ডের আবেদন জানালে রাজশাহীর মহানগর হাকিম রবিউল ইসলামের আদালত তা মঞ্জুর করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৯২৬ ঘ.
bdnews24