বগুড়া, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, "এটাই এখন প্রধান কাজ।"
বুধবার দুপুরে বগুড়ায় দলের নেতাকর্মীদের সঙ্গে টেলিকনফারেন্সে খালেদা জিয়া এ কথা বলেন।
সারিয়াকান্দি কৈপাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধে বিএনপির উদ্যোগে স্থাপিত ফ্রি-চিকিৎসা ক্যাম্পে এ টেলি-কনফারেন্সের ব্যবস্থা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হান্নান শাহ, যুবদল নেতা রিয়াজ উদ্দিন, তাঁতি দলের সহ-সভাপতি আব্দুর রহমান তপন, জেলা বিএনপির সহ-সভাপতি জাকিউল্লাহ আপেল, জয়নাল আবেদীন চান, যুবদল সভাপতি খায়রুল বাশার, বিএনপি নেতা মিজানুর রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদিকা নিহার সুলতানা তিথি প্রমুখ।
খালেদা জিয়া বলেন, "আমি আপনাদের সঙ্গে আছি। আপনাদের যার যা আছে তাই নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ান। হান্নান শাহকে পাঠালাম। তিনি বিএনপি নেতা-কর্মীদের নিয়ে ত্রাণ কার্যক্রম পরিচালনা করবেন।"
তিনি বলেন, "বগুড়ায় যাওয়ার আমার খুবই ইচ্ছা ছিল। সুযোগ পেলেই আমি বগুড়ায় যাব।"
উপস্থিত সবার উদ্দেশে তিনি বলেন, "বিএনপি সব সময় জনগণের পাশে রয়েছে। আমার দলের নেতা-কর্মীরা আপনাদের পাশে আছে এবং থাকবে।"
টেলি-কনফারেন্সের আগে সকালে সোনাতলা উপজেলার তেকানী চুকাই নগর ইউনিয়ন ও সারিয়াকান্দি মাদ্রাসা মাঠে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন হান্নান শাহ।
বিডিনিউজ টুয়েন্টিফোরডটকম/প্রতিনিধি/এমআই/এসকে/১৬২৭ঘ.
bdnews24