ফেনী, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গৃহকর্মী হত্যার অভিযোগে শহরের নাজির হোসেন রোডের বাসিন্দা আয়েশা হক তুশকীকে (২৭) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে ফেনী জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম এ রায় দেন। রায়ে আসামির ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাভোগের নির্দেশ দেওয়া হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, নাজির রোডের আনোয়ার উল্যাহ সড়কের ছায়েদুল হকের মেয়ে তুশকীর বাসায় রোজিনা আক্তার (১৪) গৃহপরিচারিকার কাজ করত। ২০০৪ সালের ২৩ আগস্ট সকালে বাথরুম থেকে রোজিনার লাশ উদ্ধার করে পুলিশ।
সে ঘটনায় রোজিনার বাবা ছাগলনাইয়া উপজেলার যশপুর গ্রামের আবু মুসলিম বাদি হয়ে ওই বছরের ২৭ আগস্ট সদর থানায় মামলা করেন।
আয়েশা হক তুশকীর স্বামী সাইফুদ্দিন চট্টগ্রামের লোহাগড়ায় যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা। তাদের দুটি সন্তান রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪১৯ ঘ.
bdnews24