রংপুর, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর এলাকায় বুধবার ভোরে দুটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ৬০ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। ঢাকা থেকে পঞ্চগড় ও নীলফামারীগামী বাস দুটি একটি আরেকটিকে অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ বেধে দুটি বাসই উল্টে যায়।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর পৌনে ৬টার দিকে পঞ্চগড়গামী নাইট কোচ রুপালী পরিবহন নীলফামারীগামী অপর নাইট কোচ লাকি পরিবহনকে অতিক্রম করতে গিয়ে ধাক্কা খেয়ে উল্টে রাস্তার পাশের খালে পড়ে যায়। একই সময় লাকি পরিবহনের বাসটিও সড়কের ওপর উল্টে পড়ে।
দুর্ঘটনায় আহত দুই বাসের ৬০ যাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার পর মিঠাপুকুর থানা পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় খালে পড়ে যাওয়া রুপালী পরিবগনের বাসটি উদ্ধার করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত বাসটি উদ্ধার করা যায়নি বলে ওসি ওয়াহেদ জানিয়েছেন।
তিনি বলেন, "ডুবে যাওয়া বাসটির ভেতর এখন পর্যন্ত কোনও লাশের সন্ধান পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান শেষ হওয়ার পর বিষয়টি নিশ্চিত নিশ্চিত হওয়া যাবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৭ ঘ.
bdnews24