২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাই মাইক্রেবাস উদ্ধার, গ্রেপ্তার তিন

চালক ও তার সহকারিকে হত্যা করে ছিনতাই করা একটি মাইক্রোবাস উদ্ধার করেছে র‌্যাব। গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। রাজধানী থেকে গ্রেপ্তার হওয়া এই তিনজন হলো, মো. বেল্লাল হোসেন, আলমগীর হোসেন ও খালেদ সাইফুল্লাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2007, 05:18 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চালক ও তার সহকারিকে হত্যা করে ছিনতাই করা একটি মাইক্রোবাস উদ্ধার করেছে র‌্যাব। গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। রাজধানী থেকে গ্রেপ্তার হওয়া এই তিনজন হলো, মো. বেল্লাল হোসেন, আলমগীর হোসেন ও খালেদ সাইফুল্লাহ। মঙ্গলবার র‌্যাব-২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ জুন চুয়াডাঙ্গা থেকে মাদারীপুর যাওয়ার পথে মাইক্রেবাসের চালক মো. আমীর হোসেন এবং তার সহকারি মো. হাসেমকে হত্যা করে ছিনতাইকারীরা মাইক্রোবাসটি নিয়ে পালিয়ে যায়। আমীর হোসেনের লাশ মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকা এবং হাসেমের লাশ মাদারীপুর সদর থানা এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে গাড়ির মালিক মো. জাহিদুর রহমান অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ২৪ জুন রাজৈর থানায় একটি মামলা করেন। র‌্যাব সদস্যরা কয়েকদিন আগে চুয়াডাঙ্গার একটি গ্যারেজের মালিক মো. বেল্লাল হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে সে কিছুই জানে না বলে জানায়। পরে গত সোমবার সন্ধ্যায় বেল্লাল হোসেন ঢাকায় র‌্যাব-২ কার্যালয়ে স্বর্ণের চেইন, টাকা ও ফলমূল নিয়ে সহকারি পুলিশ সুপার বাবুল আখতারের সঙ্গে দেখা করতে আসেন। এ সময় র‌্যাব সদস্যরা তাকে আটক করেন। জিজ্ঞাসাবাদে সে ছিনতাই করা মাইক্রোবাসটি কিনে আবার বিক্রির কথা স্বীকার করে। বেল্লালের স্বীকারোক্তি অনুযায়ী সোমবার রাতে রাজধানীর কল্যাণপুর থেকে মো. আলমগীর হোসেন নামে একজনকে গ্রেপ্তার করে র‌্যাব। বেল্লাল গাড়িটি ৬০ হাজার টাকায় কিনে আলমগীরের মাধ্যমে এক লাখ ২০ হাজার টাকায় বিক্রি করে বলে জানায়। আলমগীরের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দুপুরে সূত্রাপুর থানার টিপু সুলতান রোড এলাকা থেকে খালেদ সাইফুল্লা নামে আরেকজনকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার হেফাজত থেকে ছিনতাই করা গাড়িটি উদ্ধার করা হয়। র‌্যাব-২ এর সহকারি পুলিশ সুপার বাবুল আখতার মঙ্গলবার সন্ধায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছিনতাইকারী চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের জন্য আটককৃতদের আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এফএইচবি/এমএইচবি/২৩১০ ঘ.