২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাংগস ভবন ভেঙে সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প অনুমোদন

র‌্যাংগস ভবন ভেঙে বিজয় সরণি থেকে পূর্বদিকে তেজগাঁও শিল্প এলাকা পর্যন্ত দুই লেনের সড়ক নির্মাণের পরিকল্পনা অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এজন্য ১২২ কোটি দুই লাখ ৬৭ হাজার টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ অর্থের পুরোটা যোগান দেওয়া হবে অভ্যন্তরীণ খাত থেকে। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ এর সভাপতিত্বে একনেকের সভায় এ প্রকল্পসহ মোট আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2007, 01:28 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- র‌্যাংগস ভবন ভেঙে বিজয় সরণি থেকে পূর্বদিকে তেজগাঁও শিল্প এলাকা পর্যন্ত দুই লেনের সড়ক নির্মাণের পরিকল্পনা অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এজন্য ১২২ কোটি দুই লাখ ৬৭ হাজার টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ অর্থের পুরোটা যোগান দেওয়া হবে অভ্যন্তরীণ খাত থেকে। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ এর সভাপতিত্বে একনেকের সভায় এ প্রকল্পসহ মোট আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। (আরও তথ্যসহ) বিজয় সরণি থেকে তেজগাঁও শিল্প এলাকা পর্যন্ত সংযোগ সড়ক প্রকল্পটি বাস্তবায়ন করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সংক্রান্ত কার্যপত্রে বলা হয়েছে, প্রকল্পের কাজ চলতি মাসেই শুরু হবে। পুরো কাজটি শেষ হবে ২০০৯ সালের জুনে। প্রকল্পের উদ্দেশ্যে বলা হয়েছে, এর মাধ্যমে ঢাকা শহরের যানজট নিরসনের পাশাপাশি পূর্ব-পশ্চিম ট্রাফিক চলাচল সহজ ও ওই এলাকার মানুষের জীবনমান উন্নত হবে। চলতি ২০০৭-০৮ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) নতুন এ প্রকল্পটি থোক বরাদ্দের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কার্যপত্রে বলা হয়, প্রকল্পের আওতায় দুই লেনের (উভয় দিকে) ৭৩০ মিটার দীর্ঘ ১৮ দশমিক ২৯ মিটার প্রশস্ত সড়কের দু'পাশে এক দশমিক ৮৩ মিটার প্রশস্ত ফুটপাত, দুই ফুট ব্যাসের কেন্দ্রীয় আইল্যান্ড এবং দুই লেনবিশিষ্ট ২৫ ফুট উঁচু ও ৬০ ফুট প্রশস্ত আটশ' ফুট দীর্ঘ একটি ওভারপাস নির্মাণ করা হবে। প্রকল্পের জন্য ১৪টি অনুমোদিত ও ৪৯টি অননুমোদিত স্থাপনাসহ মোট ৬৩টি স্থাপনা অপসারণ করতে হবে। প্রকল্পের মোট অর্থের ৪০ দশমিক ৭২ শতাংশ ব্যয় হবে জমি অধিগ্রহণে। ৩ দশমিক ৫৬ একরের এ জমির দাম ধরা হয়েছে ৪৯ কোটি ৬৮ লাখ ৪৩ হাজার টাকা। স্থাপনার ক্ষতিপূরণ বাবদ ব্যয় ধরা হয়েছে ২৭ কোটি ৯১ লাখ ৭২ হাজার টাকা। ওভার পাস নির্মাণের জন্য ব্যয় হবে ৩৪ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার টাকা। এছাড়া সড়ক নির্মাণের জন্য দুই কোটি ৭৭ লাখ ৩৪ হাজার, ভূমি উন্নয়নের জন্য ৩৩ লাখ ২ হাজার টাকা, ফুটপাতের জন্য ৫৬ লাখ ৭০ হাজার, আরসিসি পাইপ ড্রেন নির্মাণের জন্য ৮৪ লাখ ৪৯ হাজার টাকা এবং জরিপ, প্ল্যানিং ও ডিজাইন বাবদ ২০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। আলোচিত র‌্যাংগস ভবনের ৬ষ্ঠ তলা পর্যন্ত অনুমোদিত স্থাপনার জন্য ক্ষতিপূরণ ধরা হয়েছে ১৭ কোটি ৫৪ লাখ ৯ হাজার টাকা। এ ভবন ছাড়া অনুমোদিত আরও ১৩টি স্থাপনার জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে ১০ কোটি ৩৭ লাখ ৬৩ হাজার টাকা। দুই দশমিক এক একর ব্যক্তিমালিকানাধীন জমি অধিগ্রহণ করতে ব্যয় হবে ৩৪ কোটি ৪৬ লাখ ৭ হাজার টাকা। এছাড়া সভায় একটি বড় বিদ্যুৎ প্রকল্পসহ আরও সাতটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে হরিপুর ৩৬০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যয় ধরা হয়েছে তিন হাজার ৫০৭ কোটি টাকা। একনেকের সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হচ্ছে ৪২ কোটি টাকা ব্যয়ে সরকারি কর্মচারিদের জন্য ১৫০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণ, ১১৫ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ জরিপ অধিদপ্তরের ডিজিটাল ম্যাপিং প্রদ্ধতির উন্নয়ন, ৫৮ কোটি টাকা ব্যয়ে বিআইডব্লিউটিসির ছয়টি রো রো ফেরি, দুইটি কে-টাইপ ফেরি ও ছয়টি পন্টুন পুনর্বাসন, ৪৭ কোটি টাকা ব্যয়ে ঢাকা-নারায়ণগঞ্জ রেলওয়ে লাইনের পুনর্বাসন, ৪৯ কোটি টাকা ব্যয়ে খুলনা রেলওয়ে স্টেশন ও ইয়ার্ড রিমডেলিং ও বেনাপোল রেলওয়ে স্টেশনের অপারেশনাল সুবিধাদির উন্নয়ন, ৯৯ কোটি টাকা ব্যয়ে সেচের গভীর নলকুপ হতে খাবার পানি সরবরাহ (দ্বিতীয় পর্যায়)। বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে অনুমোদন দেওয়া আটটি প্রকল্পের ব্যয় ও উদ্দেশ্য তুলে ধরেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এসএনডি/এমএইচবি/১৯১৬ ঘ.