সাতক্ষীরা, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফেনসিডিল পাচারের দায়ে গোয়েন্দা পুলিশের এক উপ-পরিদর্শককে যাবজ্জীবন এবং এক কনস্টেবলকে ১৭ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। এ মামলায় ১৭ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে এক গাড়ি চালককেও।
সোমবার সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আশীষ রঞ্জন দাস এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হলেন, সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ছকমল হোসেন। ১৭ বছর সাজা দেওয়া হয়েছে কনস্টেবল মোস্তাফিজুর রহমান ও গাড়িচালক বাবু গাজিকে।
মামলার বিবরণে জানা যায়, শহরের বাঙ্গালের মোড় থেকে চলতি বছরের ১৮ জানুয়ারি পুলিশ একটি প্রাইভেট কার থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় কাউকে পাওয়া না গেলেও পরে গ্রেপ্তার হয় চালক বাবু গাজি। তার দেওয়া তথ্যে অপর দুই আসামির নাম পাওয়া যায়। এরা পরে আদালতে আত্মসমর্পণ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২১০৭ ঘ.
bdnews24