চট্টগ্রাম, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ ও ভাংচুরের ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে।
তদন্ত কমিটি আগামী ২ ও ৩ সেপ্টেম্বর প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ক্যাম্পাস বন্ধ থাকায় পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকারে হাজির হওয়ার আহ্বান জানানো হবে বলে চার সদস্যের ওই তদন্ত কমিটির আহ্বায়ক কলা অনুষদের ডিন অধ্যাপক মনসুর উদ্দিন আহমদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি জানান, "সোমবার দুপুরে কমিটির প্রথম বৈঠকে তদন্ত কাজ কিভাবে হবে তা নিয়ে আলোচনা হয়েছে।"
কমিটি আগামী এক মাসের মধ্যে কাজ শেষ করে তদন্ত প্রতিবেদন জমা দেবে জানিয়ে অধ্যাপক মনসুর বলেন, "ভাংচুরের ঘটনায় জড়িতদের চিহ্নিত করাই তদন্ত কমিটির প্রধান কাজ হবে।"
কমিটির সদস্য আইন অনুষদের ডিন মো. জাকির হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাক্ষাতকার গ্রহণ ছাড়াও টিভি ফুটেজ দেখে কারা জড়িত ছিল তা চিহ্নিত করার চেষ্টা চালানো হবে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছ থেকেও বক্তব্য এবং প্রতিবেদন নেওয়ার চেষ্টা চালাব।"
চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন, সহকারী প্রক্টর মো. শফিকুল ইসলাম এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোক্তার আহমেদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার জের ধরে গত বুধবার চবিতে ব্যাপক ছাত্র বিক্ষোভ, ভাংচুর ও সংঘর্ষ হয়। এতে পুলিশসহ প্রায় ৩০ জন শিক্ষার্থী ও শিক্ষক আহত হন। বিক্ষোভকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কলা, সমাজ বিজ্ঞান, বাণিজ্য ও বিজ্ঞান অনুষদ, আইটি ভবন, চাকসু ও রেল স্টেশনে অবস্থিত পুলিশ ফাঁড়ি ভাংচুর করে।
সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় রোববার পুলিশ বাদি হয়ে অজ্ঞাতনামা ১৫০০ শিক্ষার্থী ও বহিরাগতকে আসামি করে হাটহাজারী থানায় একটি মামলা করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এমআই/২০৫৩ ঘ.
bdnews24