মেহেরপুর, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখনকে সোমবার কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার গাংনী উপজেলার চিৎলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজিসহ নানা অভিযোগে অভিযুক্ত লিখন দীর্ঘদিন পালিয়ে ছিলেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম জানান, লিখনকে ২০০৪ সালে গাংনীর ভোলাডাঙ্গা গ্রামের সাজ্জাদ ও মনসুর নামের দুই ব্যক্তি খুনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
র্যাব লিখনকে গ্রেপ্তারের পর পুলিশে তুলে দেয়।
র্যাবের গাংনী ফাঁড়ির অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট শেখ মর্তূজা গালিব বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, লিখনের বিরুদ্ধে এলাকাবাসীর সুনির্দিষ্ট অভিযোগ আছে। এলাকাবাসীর কাছে সে সন্ত্রাসী হিসেবে পরিচিত।
লিখনের বিরুদ্ধে আরও দুটি হত্যা মামলা রয়েছে বলেও পুলিশ জানায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৮৫৮ ঘ.
bdnews24