ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ সোমবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে সাক্ষাত করেছেন।
বঙ্গভবন থেকে একথা জানানো হয়েছে।
বঙ্গভবনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ, বন্যাত্তোর পুনর্বাসন কার্যক্রম, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা, ওএমএস ও ভিজিএফ চালু ইত্যাদি বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
প্রধান উপদেষ্টা এসময় বলেন, সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষি পুনর্বাসন, কৃষকদের মধ্যে কৃষি ঋণ, বীজ, সার ও অন্যান্য উপকরণ সরবরাহে ব্যাপক পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, দুর্গত এলাকায় দুস্থ ও ক্ষতিগ্রস্তদের জন্য ভিজিএফ কর্মসূচি ১ সেপ্টেম্বর থেকে চালু করা হবে এবং তা চার মাস ধরে চলবে। এ কর্মসূচির আওতায় সারা দেশে ৩০ লাখ পরিবারকে খাদ্যশস্য দেয়া হবে।
রাষ্ট্রপতি সরকার গৃহীত কর্মসূচিতে সন্তোষ প্রকাশ করে বলেন, জনগণ যাতে স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখতে পারে তা আমাদের সম্মিলিতভাবে নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিতে হবে। রাষ্ট্রপতি এ সময় বন্যাত্তোর কৃষি পুনর্বাসন কার্যক্রম পুরোদমে শুরু করার আহবান জানান।
প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতিকে জানান, আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরবরাহ বৃদ্ধিসহ খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয়ের (ওএমএস) কর্মসূচি ১ সেপ্টেম্বর থেকে শুরু করা হবে।
ওএমএস এর আওতায় প্রতি কেজি চাল উনিশ টাকা দরে বিক্রয় করা হবে। পাশাপাশি বিডিআর ও আনসার ভিডিপির মাধ্যমে প্রায় ২০০ কেন্দ্র থেকে ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রির ব্যবস্থা নেয়া হয়েছে।
বন্যার পানি নেমে যাবার সঙ্গে সঙ্গে কৃষি পুনর্বাসন কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে বলে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন। রষ্ট্রপতিকে তিনি আরও জানান, বিশ্ব ব্যাংকের সহযোগিতায় কৃষি গবেষণা খাতে প্রায় ৩৫০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএ/এসকে/১৬৫৯ঘ.
bdnews24